নজরবন্দি ব্যুরো: সন্দেহের বশে লিভ ইন সঙ্গীকে পিটিয়ে খুনের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই দুজনের মধ্যে ঝগড়া-বচসা চলছিল। রবিবার অবশেষে তা চরম রূপ নিল। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর বেগুরে।
আরও পড়ুন: মুম্বইয়ে রাজনৈতিক সফর মমতার, সুযোগ পেয়েই বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ বিগ বির
পুলিশ সূত্রে খবর, মৃত যুবতীর নাম দেবা (২৪)। কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকতেন। সেখানেই একটি ফ্ল্যাটে প্রেমিক বৈষ্ণবের সঙ্গে লিভ ইন সম্পর্কে (Live in Relationship) ছিলেন। প্রতিবেশীদের তরফে জানা গিয়েছে, যুগলের মধ্যে প্রায়ই অশান্তি হত। প্রায়ই রাত্রে তাদের চিৎকার শোনা যেত। রবিবারও যুগলের মধ্যে বচসা শুরু হয়। অভিযুক্ত প্রেমিক বৈষ্ণবের সন্দেহ ছিল। দেবা অন্য কোনও যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে লিপ্ত হয়েছে।

গতকাল সন্দেহের বশেই দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। ঝগড়ার মাঝেই অভিযুক্ত যুবক রান্নাঘরে গিয়ে প্রেসার কুকার এনে যুবতীর মাথায় আঘত করে। রাগের বশে একাধিকবার কুকার দিয়ে আঘাত করতে থাকে। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় ওই যুবতীর। এরপরই ভয় পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বৈষ্ণব। গণ্ডগোল বুঝতে পেরে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে সব দেখে এবং দ্রুত পুলিশে খবর দেয়। পুলিশে এসে মৃতদেহ উদ্ধার করে। তল্লাশি চালিয়ে কিছু সময়ের মধ্যেই অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে, যুগল কেরলের কোল্লামের বাসিন্দা। একইসঙ্গে কলেজে পড়াশোনা করেছেন। সেখান থেকেই দুজনের পরিচিতি তৈরি হয় এরপর দুজন সম্পর্কে জড়ায়। বিগত দুই বছর ধরে কর্মসূত্রে দুজনে বেঙ্গালুরুর বেগুরে একটি ফ্ল্যাটে ভাড়া ছিলেন। বেঙ্গালুরুর একটি সংস্থায় সেলস ও মার্কেটিং বিভাগে তাঁরা চাকরি করতেন।
প্রেমিকার অন্যত্র প্রেম! সন্দেহের বশে লিভ ইন সঙ্গীকে প্রেসার কুকার দিয়ে পিটিয়ে খুন




