নজরবন্দি ব্যুরো: চলতি মাসের শেষে মুম্বইতে ইন্ডিয়া (INDIA) জোটের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। অন্যান্য বিরোধী দলগুলির পাশাপাশি সেই বৈঠকে অংশ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কেবল রাজনৈতিক কারণ নয় মমতার মুম্বই সফরে যোগ হয়েছে আরও কয়েকটি কর্মসূচি। জানা গিয়েছে,’বাংলার জামাই’ অমিতাভ বচ্চনের আমন্ত্রণে তাঁর বাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: মোদীর মুখে নারীশক্তির জয়গান, চাঁদ-সাফল্যের কৃতিত্ব কাদের দিলেন প্রধানমন্ত্রী?


পাটনা, কর্ণাটকের পর আগামী ৩১ আগস্ট মুম্বইয়ে ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক আয়োজিত হতে চলেছে। দুদিন ব্যাপী এই বৈঠকে যোগ দিতে আগামী ৩০ আগস্ট মুম্বই পৌঁছে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ইতিমধ্যেই বলিউড শেহনশাহ অমিতাভ বচ্চন এবং তাঁর স্ত্রী জয়া বচ্চন তাঁদের বাংলোয় (জলসা) চা-চক্রে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। নিমন্ত্রণ রক্ষা করতে বৈঠকের মাঝেই সময় বের করে বাংলার জামাইয়ের বাড়িতে যেতে পারেন মমতা। তবে বিগবি-র মুখোমুখি হয়ে তিনি কী প্রশ্ন করবেন বা কী কী বলতে পারেন সেই সংক্রান্ত কিছু জানা যায়নি।



মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বচ্চন দম্পতির সম্পর্ক যে ভালো তার প্রমাণ বারেবারে পাওয়া গিয়েছে। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে বেশ কয়েকবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সস্ত্রীক উপস্থিত হয়েছেন অমিতাভ বচ্চন। বলিউডের ‘ডন’ বাংলার মানুষের হৃদয়ে আলাদা ঘর করেছেন। ‘বাংলার জামাই’কে ভালোবাসেন না এমন মানুষ এ বাংলায় দেখা যায় না। তাই মুখ্যমন্ত্রীর মুম্বই সফরের কথা জানতে পারেই সুযোগ হাতছাড়া করতে চাননি জয়া বচ্চন ও অমিতাভ বচ্চন। মমতা বন্দ্যোপাধ্যায় ও বচ্চন দম্পতির সাক্ষাৎ ঘিরে কৌতূহল বাড়ছে বিভিন্ন মহলে।

উল্লেখ্য, এনসিপি ও শিবসেনা উভয়েই মুম্বইয়ে আগামী ইন্ডিয়া জোটের বৈঠকের আয়োজন করবেন। প্রথম বৈঠক (পাটনা) ও দ্বিতীয় বৈঠকের (কর্ণাটক) আয়োজক ছিলেন যথাক্রমে নীতীশ কুমার ও কংগ্রেস। গত বৈঠকে মোদী বিরোধী জোটের নামকরণ হয়। তাৎপর্যপূর্ণ ভাবে বিরোধী জোটের নাম ‘INDIA’ (Indian National Developmental Inclusive Alliance) রাখার প্রস্তাব দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
মুম্বইয়ে রাজনৈতিক সফর মমতার, সুযোগ পেয়েই বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ বিগ বির








