সুপ্রিম কোর্টে এসআইআর মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর জোরালো সওয়ালের দিনই সামনে এল বাংলার ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ পরিসংখ্যান। বুধবার বিকেলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানালেন, পশ্চিমবঙ্গে এখনও ১০ থেকে ১২ লক্ষ ভোটারের শুনানি বাকি। তবে ইতিমধ্যেই শুনানিতে অংশ নেওয়া ১ কোটি ৬ লক্ষ ভোটারের তথ্য আপলোড করা হয়েছে।
এই পরিসংখ্যান সামনে আসছে এমন এক সময়ে, যখন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে তীব্র রাজনৈতিক ও আইনি চাপের মুখে রয়েছে Election Commission of India। বুধবারই সুপ্রিম কোর্ট এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনকে নোটিস দিয়েছে এবং একাধিক সতর্কতামূলক নির্দেশ জারি করেছে।


এদিন আদালতে মাইক্রো অবজার্ভার নিয়োগ নিয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, মাইক্রো অবজার্ভার সংক্রান্ত বিষয়ে কমিশনের অবস্থান কী হবে, তা জাতীয় নির্বাচন কমিশনই আনুষ্ঠানিকভাবে জানাবে।
তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে বাকবিতণ্ডা?
এসআইআর ঘিরে উত্তাপের মধ্যেই বুধবার তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যায়। বৈঠকের সময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে বলে অভিযোগ ওঠে। তবে সেই দাবি খারিজ করে মনোজ আগরওয়াল বলেন,
“আমি রেগে যাইনি। পার্থ ভৌমিক জোরে কথা বলছিল। ওঁরা টেবিল বাজিয়ে কথা বলছিল। আমি শুধু বলেছি—এগুলো কী করছেন? আমি সাড়ে চারটের সময় দিয়েছিলাম, ওঁরা চারটেয় এসেছেন। এতে আমার মেজাজ হারানোর প্রশ্নই নেই।”
সব মিলিয়ে, একদিকে সুপ্রিম কোর্টের কড়া নজরদারি, অন্যদিকে এখনও লক্ষ লক্ষ ভোটারের শুনানি বাকি—এই দ্বিমুখী চাপে বাংলার এসআইআর প্রক্রিয়া কোন পথে এগোবে, সেদিকেই এখন নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



