ভোটের ঠিক আগের মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে বড় ইঙ্গিত দিল শেষ পর্যায়ের জনমত সমীক্ষা। ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রকাশিত রিপোর্ট বলছে, ক্ষমতার দৌড়ে এগিয়ে রয়েছে Bangladesh Nationalist Party (বিএনপি)। অন্য দিকে, ‘মুক্তিযুদ্ধ-বিরোধী’ হিসেবে পরিচিত Jamaat-e-Islami এবং তাদের মিত্র জোট অনেকটাই পিছিয়ে। আজ, মঙ্গলবার সকালেই শেষ হচ্ছে আনুষ্ঠানিক ভোটপ্রচার।
বুধবার ঢাকায় প্রকাশিত এই সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র পুত্র তারেক রহমান-এর নেতৃত্বাধীন বিএনপিই এখন ভোটারদের প্রথম পছন্দ। তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে জামায়াতে ইসলামী ও ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের তৈরি নতুন দল National Citizen Party (এনসিপি)-র জোট।
শেষ মুহূর্তের সমীক্ষায় স্পষ্ট ইঙ্গিত—জয়ের পথে বিএনপি

‘এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট’ বা Eminence Associates for Social Development (EASD) ৪১,৫০০ ভোটারের মতামতের ভিত্তিতে এই সমীক্ষা চালিয়েছে। সংস্থার দাবি, চলতি নির্বাচনী মরশুমে এটিই সবচেয়ে বড় নমুনাভিত্তিক সমীক্ষা। রিপোর্ট অনুযায়ী, ৩০০ আসনের জাতীয় সংসদে বিএনপি নেতৃত্বাধীন জোট প্রায় ২০৮টি আসনে জয় পেতে পারে। অন্য দিকে, জামাত-জোটের সম্ভাব্য আসন সংখ্যা মাত্র ৪৬।
সমীক্ষায় আরও বলা হয়েছে, জাতীয় পার্টি পেতে পারে ৩টি আসন, অন্যান্য দল ৪টি এবং নির্দল প্রার্থীরা জিততে পারেন প্রায় ১৭টি আসনে। সোমবার ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনের থ্রিডি সেমিনার হলে আনুষ্ঠানিক ভাবে এই রিপোর্ট প্রকাশ করা হয়।
ভোটারদের রাজনৈতিক পছন্দের শতাংশের হিসেবেও বিএনপি অনেক এগিয়ে। সমীক্ষা অনুযায়ী, ৬৬.৩ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। জামায়াতে ইসলামী পেয়েছে ১১.৯ শতাংশ সমর্থন। এনসিপির প্রতি সমর্থন মাত্র ১.৭ শতাংশ। জাতীয় পার্টির ক্ষেত্রে সমর্থনের হার ৪ শতাংশ, আর নির্দল প্রার্থীদের ক্ষেত্রে ২.৬ শতাংশ।


অন্য একটি সাম্প্রতিক জনমত সমীক্ষায় দাবি করা হয়েছে, বাংলাদেশের ৪৭.৬ শতাংশ মানুষ তারেক রহমানকেই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। সেখানে জামায়াতের আমির সফিকুল রহমান-কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ২২.৫ শতাংশ উত্তরদাতা।
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে ‘জুলাই সনদ’ নিয়ে গণভোটও অনুষ্ঠিত হবে। ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া আনুষ্ঠানিক প্রচারপর্ব শেষ হচ্ছে মঙ্গলবার সকাল সাড়ে সাতটায়। শেষ মুহূর্তের এই সমীক্ষা তাই ভোটের লড়াইয়ে বিএনপিকে স্পষ্টভাবে এগিয়ে রাখছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।









