শিক্ষিত বেকারদের জন্য বড় স্বস্তির খবর। যে ভাতা পাওয়ার কথা ছিল আগস্ট থেকে, তা মিলবে আরও চার মাস আগে—এপ্রিল থেকেই। যুবসাথী প্রকল্প নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করতেই নতুন করে আশার আলো দেখছেন বহু বেকার যুবক-যুবতী। একই সঙ্গে তিনি জানিয়ে দিলেন আবেদন পদ্ধতি, যোগ্যতার শর্ত এবং পুরো প্রকল্পের খুঁটিনাটি।
অন্তর্বর্তী বাজেটে শিক্ষিত বেকারদের জন্য ‘যুবসাথী’ নামে নতুন প্রকল্প ঘোষণা করেছিল রাজ্য সরকার। এই প্রকল্পে মাধ্যমিক পাস করে বেকার থাকা যুবক-যুবতীদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা দেওয়ার কথা বলা হয়। প্রথমে ঘোষণা ছিল, ১৫ আগস্ট থেকে এই প্রকল্প চালু হবে। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেই সময়সীমা এগিয়ে এনে ১ এপ্রিল থেকেই ভাতা দেওয়া শুরু হবে।
তিনি জানান, এই প্রকল্পের সুবিধা পেতে হলে বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। কেউ যদি স্কলারশিপ পান, তাতে সমস্যা নেই। তবে স্কলারশিপ ছাড়া রাজ্যের অন্য কোনও জনমুখী প্রকল্পের সুবিধা পেলে যুবসাথীর ভাতা পাওয়া যাবে না।
প্রাথমিকভাবে পাঁচ বছর ধরে প্রতি মাসে এই টাকা দেওয়া হবে। এরপরও কেউ বেকার থাকলে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আবেদন পদ্ধতি নিয়েও বিস্তারিত তথ্য দিয়েছেন তিনি। ‘দুয়ারে সরকার’-এর ধাঁচে বিধানসভা ভিত্তিক ক্যাম্প করে আবেদনপত্র নেওয়া হবে। ১৫ থেকে ২৬ তারিখ পর্যন্ত এই ক্যাম্প চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আধিকারিকরা সেখানে উপস্থিত থাকবেন। প্রয়োজনীয় নথি জমা দিয়ে সেখানেই আবেদন করা যাবে এবং সঙ্গে সঙ্গেই আবেদনপত্রের রসিদও দেওয়া হবে। প্রকল্পটি নিয়ে শীঘ্রই সংবাদপত্রে বিজ্ঞাপন প্রকাশ করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।



