প্যান কার্ডে নতুন নিয়মের ভাবনা, নগদ লেনদেন থেকে সম্পত্তি—কোথায় কত বদল?

নগদ ডিপোজিটে সীমা বাড়তে পারে ৫০ হাজার থেকে ১০ লাখ, সম্পত্তি লেনদেনে নতুন প্রস্তাব—২০২৬ সালে প্যান কার্ডের নিয়মে বড় পরিবর্তনের ইঙ্গিত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

২০২৬ সালে প্যান কার্ড সংক্রান্ত একাধিক নিয়মে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। নগদ লেনদেন, গাড়ি কেনাবেচা, হোটেলের বিল কিংবা সম্পত্তি রেজিস্ট্রেশন—বিভিন্ন ক্ষেত্রে প্যান কার্ড ব্যবহারের সীমা বাড়ানো হতে পারে বলে জল্পনা। এতে সাধারণ মানুষের কিছু ক্ষেত্রে স্বস্তি মিলতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী, নগদ ডিপোজিটের ক্ষেত্রে প্যান কার্ডের বাধ্যবাধকতার সীমা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। বর্তমানে ৫০ হাজার টাকার বেশি নগদ জমা দিলে প্যান কার্ড দেখানো বাধ্যতামূলক। সেই সীমা বাড়িয়ে ১০ লাখ টাকা পর্যন্ত করা হতে পারে বলে আলোচনা চলছে।

গাড়ি সংক্রান্ত লেনদেনেও নতুন নিয়ম আসতে পারে। প্রস্তাব অনুযায়ী, ৫ লাখ টাকা পর্যন্ত গাড়ি কেনাবেচার ক্ষেত্রে প্যান কার্ডের বাধ্যবাধকতা শিথিল করা হতে পারে। এতে ছোট ও মাঝারি দামের গাড়ি কেনার ক্ষেত্রে প্রক্রিয়া সহজ হবে।

হোটেল বা রেস্তরাঁর বড় অঙ্কের বিল মেটানোর ক্ষেত্রেও পরিবর্তন হতে পারে। নতুন নিয়ম চালু হলে, ১ লাখ টাকা বা তার বেশি বিল পরিশোধের ক্ষেত্রে প্যান কার্ড দেখাতে হতে পারে।

সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রেও সীমা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। বর্তমানে প্রায় ১০ লাখ টাকার লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড লাগে। নতুন নিয়মে সেই সীমা বাড়িয়ে ২০ লাখ টাকা করা হতে পারে বলে জল্পনা।

ইনস্যুরেন্স সংক্রান্ত লেনদেনে প্যান ব্যবহারের বর্তমান সীমা একটি আর্থিক বছরে ৫০ হাজার টাকা পর্যন্ত। এই ক্ষেত্রে নতুন করে কোনও পরিবর্তন আনা হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

যদিও এই সমস্ত নিয়ম এখনও প্রস্তাবের পর্যায়েই রয়েছে। কবে থেকে কার্যকর হবে এবং চূড়ান্তভাবে কী কী বদল আসবে, সে দিকে নজর রাখছেন ব্যাঙ্ক ও আর্থিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন