মাত্র ১৪৯ রানে শেষ হল বাংলাদেশের প্রথম ইনিংস। সর্বোচ্চ রান করলেন সাকিব আল হাসান। ৬৪ বল খেলে ৩২ রান করে রবীন্দ্র জাদেজার বলে রিভার্স সুইপ মারতে গিয়ে আউট হয়ে যান তিনি। ভারতের হয়ে ৪টি উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরা। ২টি করে উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ, আকাশদীপ এবং রবীন্দ্র জাডেজা। দ্বিতীয় ইনিংসে ফের একবার ব্যাট করতে নেমেছে ভারত। দুই ওভারে বোর্ডে উঠেছে ১০ রান।
প্রথম দিনের শেষে ভারতের রান ছিল ৩৩৯/৬। শতরান করে ক্রিজে ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সঙ্গে ছিলেন রবীন্দ্র জাডেজা। তাঁর সামনেও ছিল শতরানের হাতছানি। কিন্তু ৮৬ রানে আউট হয়ে যান তিনি। অশ্বিনও আউট হয়ে যান ১১৩ রানে। ফলে ভারতের ইনিংস শেষ হয় ৩৩৬ রানে। জবাবে ব্যাট করতে নেমে আকাশদীপ, মহম্মদ সিরাজ এবং জাসপ্রীত বুমরার সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের টপ অর্ডার।


বাংলাদেশের অন্যান্য ব্যাটারদের মধ্যে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেছেন ৩০ বলে ২০ রান। লিটন দাস করেছেন ৪২ বলে ২২ রান। মেহেদী হাসান মিরাজ করেছেন ৫২ বলে ২৭ রান। তাসকিন আহমেদ ও নাহিদ রানা দু’জনেই ১১ রান করে আউট হয়েছেন। বাকি কোনও ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছতে পারেনি।
অন্যদিকে, ষষ্ঠ ভারতীয় বোলার হিসেবে ৪০০ উইকেটের মাইলফলক পার করলেন জাসপ্রীত বুমরা। হাসান মাহমুদকে আউট করে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে এই রেকর্ড তৈরি করলেন তিনি। বুমরা টেস্টে নিয়েছেন ১৬২টি, ওয়ান ডে-তে ১৪৯টি এবং টি-টোয়েন্টিতে ৮৯টি উইকেট।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



