নজরবন্দি ব্যুরো: সম্ভাব্য নাম নিয়ে দিল্লিতে বঙ্গ বিজেপির কোর কমিটি, তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে চাইছে বাকি ২৩৪ আসনের প্রার্থী নামের। আগামী কাল বাংলায় ফের আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্। তার পরই রাজ্যে নির্বাচনী প্রচার চালাতে একে একে আসছেন একাধিক হেভিওয়েট বিজেপি নেতা। রাজ্যে প্রচার করবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।


আগামী এক সপ্তাহে জঙ্গল মহলের ঘাঁটি শক্ত করতে ব্যাক টু ব্যাক সভা করবেন তাঁরা। সভা করবেন রাজ্যের আরো একাধিক জায়গায়। বঙ্গ বিজেপি চাইছে তার আগেই বিধানসভা নির্বাচনের বাকি ২৩৪ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করতে। এর পিছনের যুক্তিও আছে, ওয়াকিবহাল মহল মনে করছে, যদি হেভিওয়েট নেতা মন্ত্রীদের সভা থেকে পরিচিত করানো হয় প্রার্থীদের, তাতে বাড়বে গুরুত্ব। সেই কারণেই তৎপরতা। আগামী ২৭সে মার্চ থেকে বাংলায় শুরু হচ্ছে ২১এর বিধানসভা নির্বাচন।
এই নির্বাচন নিশ্ছিদ্র পাহারায় মোট ৮ দফায় হবে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস ৮ দফার সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করেছে কয়েকদিন আগেই। বাকি সব দলও একে একে সিদ্ধান্তে আসছেন। বঙ্গ বিজেপি দিল্লিতে গিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে প্রকাশ করেছে প্রথম দুদফার মোট ৬০ টি আসনের প্রার্থী নাম। বাকি ২৩৪ আসনের প্রার্থী নাম চূড়ান্ত করতেই ফের দিল্লি পাড়ি দিলেন বঙ্গ বিজেপির প্রথম সারির নেতারা।
সঙ্গে নিয়ে গেছেন রাজ্য থেকে তৈরি করা বাকি ৬ দফার প্রার্থীদের সম্ভাব্য নামের তালিকা, তাতে সিলমোহর দেবেন মোদী- শাহ্। গতকাল রাতেই দিল্লি উড়ে গিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, অরবিন্দ মেনন, অমিত মালব্য, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, রাহুল সিনহারা। চূড়ান্ত তালিকা তৈরিতে দিনভর চলবে লাগাতার বৈঠক। সেই বৈঠকের সিদ্ধান্ত চূড়ান্ত হবে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে। তার পরই ঘোষণা হবে বাকি ২৩৪ আসনের নাম। সূত্রের খবর প্রার্থী তালিকায় তারকা সহ একাধিক ক্ষেত্রে বেশ বড় চমক আনতে চলেছে বিজেপি।









