নজরবন্দি ব্যুরো: কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে নিজের কেন্দ্রের মানুষের স্বার্থে একাধিক দাবি জানিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। সেইমতো আগেই বালুরঘাট স্টেশনকে ‘অমৃত ভারত’ প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্ত নেয় রেলমন্ত্রক। আর এবার সুকান্তর আরেকটি দাবি অনুযায়ী, বালুরঘাট-হিলি রেল প্রকল্পে বরাদ্দ করা হল আরও ১৫৫ কোটি। এর জন্য সুকান্ত মজুমদার রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
আরও পড়ুন: রবিবাসরীয় প্রচারে তৃণমূল ও বিজেপি প্রার্থী, উপনির্বাচনে জোর টক্কর শাসক-বিরোধীর!


জমি অধিগ্রহণের জন্য গত নভেম্বর থেকে সমীক্ষার কাজ শুরু করে রেল। সেই কাজ সম্পন্ন হয়েছে গত জুলাই মাসে। তারপর জেলা প্রশাসনের তরফে জমি অধিগ্রহণের জন্য ২৯৯ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয় উত্তর-পূর্ব সীমান্ত রেলকে। সেই প্রস্তাবের পরে ৩১ জুলাই ৮৪ কোটি টাকা বরাদ্দ করে রেল। এরপর দ্বিতীয় দফায় ১৫৫ কোটি টাকা বরাদ্দ করা হল। এর আগে ২০১৯ সালে জেলা প্রশাসনকে ৫ কোটি টাকা দিয়েছিল রেল। ফলে সব মিলিয়ে এই প্রকল্পে জমি অধিগ্রহণের জন্য এখনও পর্যন্ত ২৪৪ কোটি টাকা বরাদ্দ করা হল। এই প্রকল্পে এখনও বাকি রয়েছে ৫৫ কোটি টাকা। সেক্ষেত্রের পরবর্তী পর্যায়ে সেই টাকা জেলা প্রশাসনকে পাঠানো হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে।

কলকাতা হাইকোর্টের নির্দেশে গত নভেম্বর মাস থেকে বালুরঘাট-হিলি রেল প্রকল্পের কাজ শুরু হলেও জমি অধিগ্রহণকে কেন্দ্র করে জটিলতা তৈরি হওয়ায় এই কাজ সাময়িকভাবে বন্ধ ছিল। এবার এই ১৫৫ কোটি মূলত জমি কিনতেই ব্যয় করা হবে। সুকান্ত মজুমদার মনে করেন, এই প্রকল্পটির বাস্তবায়ন হলে বাংলাদেশ ও ভারত উভয় দেশের নাগরিকরাই উপকৃত হবেন।



সুকান্তর দাবি মানল রেলমন্ত্রক, বালুরঘাট-হিলি প্রকল্পে বরাদ্দ আরও ১৫৫ কোটি








