নজরবন্দি ব্যুরোঃ ২১ এর ভোটের পর থেকেই এক প্রকার চর্চায় ছিল বাবুলের রাজনৈতিক অবস্থান। বিধানসভায় হেরে যাওয়া, মন্ত্রীত্ব পদ খোয়ানো সব মিলিয়ে দলের সঙ্গে দূরত্ব বাড়ছিল আসানসোলের সাংসদের। তার পরেই একদিন লম্বা পোস্ট করে জানান রাজনীতিকে বিদায় জানাচ্ছেন তিনি। জানিয়েছিলেন, তৃণমূল, কংগ্রেস, সিপিএম, রাজ্যের তিনটি দলের মধ্যে একটিতেও যোগ দেওয়ার পরিকল্পনা নেই তাঁর।
নজরবন্দির সেই খবর– তৃণমূলে যোগ দিচ্ছেন বাবুল, ইঙ্গিত স্পষ্ট থেকে স্পষ্টতর! #Exclusive


কিন্তু আচমকাই বদলে গিয়েছিল সব সমীকরণ। বাবুলের একাধিক ঘটনা নিয়ে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নজরবন্দির তরফে আগেই জানানো হয়েছিল তৃণমূলে যোগ দেবেন বাবুল সুপ্রিয়। আজ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাবুল এলেন তৃণমূলে।
নজরবন্দি নিজেদের প্রতিবেদনে বাবুলের তৃণমূল যোগের সম্ভাবনার কারণ হিসেবে বেশ কয়েকটি কারণ দেখিয়েছিল। বাবুলের মন্ত্রীত্ব হারানো, রাজনীতি থেকে যাওয়া সব নিয়েই তৃণমূলের নেতা মন্ত্রীদের স্বাগোতক্তি দেখেই মনে হয়েছিল এবার মা-মাটি-মানুষের হয়ে পতাকা ধরবেন তিনি। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী সভা থেকে বাবুলের বাদ পড়া নিয়ে দুঃখ প্রকাশ বলেছিলেন, “বাবুল সুপ্রিয় আমার স্নেহভাজন, তার মন্ত্রিসভা থেকে বাদ পড়ার ফলে আমি দুঃখ পেয়েছি। তবে রাজনীতিতে এরকম হয়ে থাকে।” আর তার মাঝেই আবার বাবুল নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ফলো করা শুরু করেছিলেন মুকুল রায় এবং তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট কে।
আরও পড়ুনঃ প্রেস্টিজ ফাইট ভবানীপুরে, মমতার হয়ে আজ থেকেই হোম গ্রাউন্ডে প্রচার অভিষেকের



নজরবন্দির তরফে তখনই জানানো হয়েছিল তার আগেই নাকি স্থির হয়ে গিয়েছিল বাবুল কিছুদিন পর যোগ দেবেন তৃণমূলে। অন্যদিকে বাবুলের দলত্যাগের পর তৃণমূলের নেতা অনুব্রত মন্ডল বলেছিলেন, ‘‘বাবুল ভাল ছেলে। শুনলাম সাংসদ পদ ছেড়ে দেবেন। এখনও ছাড়েননি। ছাড়লে অনেক কথা বলার আছে।”

সৌগত রায় বলেছিলেন, ‘‘রাজনীতি করা বা না করা ওঁর (বাবুল) ব্যক্তিগত সিদ্ধান্ত। এ বিষয়ে আমি কিছু বলব না। কিন্তু ২০২৪ সাল পর্যন্ত উনি আসানসোলের সাংসদ পদে থাকবেন। ওঁর উচিত সেখানকার মানুষের প্রতি সুবিচার করা।” মদন মিত্র তখন বলেছিলেন, ‘এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। উনি ভালো মনে করেছেন তাই ছাড়তে চাইছেন হয়তো। তবে আমার একটা খুব প্রিয় গান রয়েছে। কভি আলভিদা না কেহনা। আলভিদা বলতে হলে BJP-কে বলুন, রাজনীতিকে নয়।’
নজরবন্দির খবরে সিলমোহর, রাজ্য রাজনীতির সমীকরণ বদলে তৃণমূলে এলেন বাবুল।

কেন্দ্রীয় মন্ত্রী সভা থেকে বাদ যাওয়া, বাবুলের পর পর ক্রিয়াকলাপ এবং তৃণমূলের নেতাদের একের পর এক স্বাগোতক্তি মিলিয়ে দুইয়ে দুইয়ে চার করে নজরবন্দি আগেই জানিয়েছিল বাবুল শ্রীঘই আসবে তৃণমূলে। আজ, শনিবার রাজনৈতিক মহলের বেশ বড়ো রকমের সমীকরণ বদলে দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলের পতাকা তুলে নিয়েছেন তিনি। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। আজ দলে যোগ দিয়েই বাবুল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রেখেছন তাঁর ওপর, মানুষের জন্য কাজ করবেন তিনি। সোমবারই মমতার সঙ্গে সাক্ষাৎও করবেন বাবুল।







