‘এমন ভোট দেখিনি’, অভিযোগে সরব মমতা—তবু ‘ভি’ চিহ্নে জয়ের বার্তা

ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে একের পর এক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, তবু দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার দাবি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোট দিতে গিয়েই বিস্ফোরক অভিযোগ—দিনভর ‘অত্যাচার’, বুথ থেকে এজেন্টদের তাড়িয়ে দেওয়ার দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অভিযোগের মাঝেও আত্মবিশ্বাস অটুট—দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের দাবি জানিয়ে ‘ভিক্টরি’ চিহ্ন দেখালেন তিনি।

বুধবার বিকেল ৪টার পর ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন মমতা। ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, “সারা দিন অত্যাচার চলছে। বহু জায়গায় আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। মহিলা ও শিশুদের মারধর করা হয়েছে। এটা কি অবাধ ও সুষ্ঠু নির্বাচন?”

তিনি একাধিক জেলার নাম করে অভিযোগ তোলেন—নদিয়া, হুগলি, ক্যানিং-সহ বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের উপর হামলা হয়েছে বলে দাবি তাঁর। এমনকি ভোটের আগের রাত থেকেই এই পরিস্থিতি শুরু হয়েছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “কাল রাত থেকে অনেককে গ্রেফতার করা হয়েছে। জীবনে এমন গণতন্ত্র দেখিনি।”

কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাও তীব্রভাবে সমালোচনা করেন তিনি। অভিযোগ, তাঁর নিজের এলাকাতেও শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল, রাজ্য পুলিশের উপস্থিতি ছিল না বললেই চলে। “আমার পাড়ায় ঢুকে মেয়েদের মারধর করা হয়েছে,”—এই অভিযোগও করেন মমতা।

এর আগে সকাল থেকেই ভবানীপুরে বুথে বুথে ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি। চেতলা এলাকায় গিয়ে ফিরহাদ হাকিম-এর সঙ্গে কথা বলেন, পরে ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসুর সঙ্গেও দেখা করেন। দিনভর তিনি জানান, মুখ্যমন্ত্রী হিসেবে নয়, বরং প্রার্থী হিসেবেই তিনি মাঠে রয়েছেন।

এদিনের ভোটে ভবানীপুর কেন্দ্র বিশেষ নজরে—এখানেই মুখোমুখি লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। শুভেন্দুও দিনভর বুথে বুথে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন।

সব অভিযোগের মাঝেও নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মমতা। ভোটকেন্দ্রে ঢোকার সময় ‘ভি’ চিহ্ন দেখিয়ে তিনি স্পষ্ট বার্তা দেন—ফলাফল তাঁর পক্ষেই যাবে।

ভোট দেওয়ার পর তিনি কালীঘাট মন্দিরেও যান। তবে সারাদিনের অভিযোগ আর পাল্টা অভিযোগে স্পষ্ট—ভোটের দিনেও উত্তেজনা ছিল তুঙ্গে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত