নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল পর্বে অংশগ্রহণ করেছেন বর্ষীয়ান আইনজীবী ও কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। যার ফলে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কংগ্রেস নেতাদের। অভিষেক মনু সিংভির অবস্থানের কড়া বিরোধীতা জানিয়ে এবার চিঠি দিলেন আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি।
চিঠিতে কৌস্তভ জানিয়েছেন, এক বর্ষীয়ান পেশাদার আইনজীবী হিসাবে আপনি কাকে মক্কেল হিসাবে বেছে নেবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু একজন কংগ্রেস নেতা হিসাবে আপনি আপনার বাধ্য বাধকতা এড়িয়ে যেতে পারেন না। পশ্চিমবঙ্গে কংগ্রেস তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লাগাতার আন্দোলন জারি রেখেছে। কিন্তু আমাদের সমস্ত প্রচেষ্টা মাটি হচ্ছে যখন আপনি দুর্নীতিগ্রস্ত নেতাদের হয়ে লড়াই করছেন৷ আপনার জন্য লজ্জিত। বলছে বাংলার কর্মীরাই।

সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের মুখে প্রথমবার উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। যার প্রেক্ষিতে সিবিআইকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে সওয়াল জবাব করেন অভিষেক মনু সিংভি। এমনকি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গও তুলে ধরেন।

এরপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার প্রসঙ্গে কড়া পর্যবেক্ষণ করেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয় দুটি মামলা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পক্ষ নিয়ে রাজ্যের কংগ্রেস নেতারা মন্তব্য করার আগেই অভিষেক মনু সিংভির অবস্থান নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাঁদেরকে। তাই চিঠি দিয়ে প্রতিবাদ জানালেন কৌস্তভ।
আপনার জন্য লজ্জিত, অভিষেককে কড়া চিঠি কৌস্তভের

এর আগে মেট্রো ডেয়ারি মামলায় রাজ্য সরকারের পক্ষে লড়াইয়ের জন্য কলকাতা হাইকোর্টে উপস্থিত হয়েছিলেন পি চিদম্বরম। যেখানে মামলাকারী ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অভিযোগ ছিল, জলের দরে সিঙ্গাপুরের একটি সংস্থাকে মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, রাজ্যের ৪৭% শেয়ার নামমাত্র দামে বিক্রি করা হয়েছে। তৃণমূলের হয়ে দালালি করছেন চিদম্বরম। অভিযোগ তুলেছিলেন কৌস্তভরা।








