আসানসোলের একটি বেসরকারি স্কুলে ‘সামার ক্যাম্প’-এর মধ্যেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। সাঁতার শেখার সময় স্কুলের সুইমিং পুলে ডুবে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির ছাত্র অদ্বিক হিলারিয়ানের। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমেছে পরিবার ও স্থানীয় এলাকায়।
মৃত ছাত্র অদ্বিক হিলারিয়ান আসানসোলের লোয়ার চেলিডাঙ্গার হুচুক পাড়ার বাসিন্দা অ্যানসেল হিলারিয়ানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রীষ্মকালীন শিবির উপলক্ষে স্কুলে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চলছিল। সেই শিবিরেই সাঁতার শেখার ক্লাসে অংশ নিয়েছিল অদ্বিক।


প্রত্যক্ষদর্শীদের দাবি, অন্যান্য পড়ুয়াদের সঙ্গে সেও সুইমিং পুলে নামে। কিছুক্ষণ পর আচমকাই তাকে জলের নীচে তলিয়ে যেতে দেখা যায়। পরিস্থিতি বুঝে দ্রুত উদ্ধারকাজ শুরু করেন সেখানে উপস্থিত শিক্ষক ও স্কুলকর্মীরা।
গুরুতর অবস্থায় অদ্বিককে তড়িঘড়ি আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়ে পরিবার।
ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন স্কুলের প্রধানশিক্ষক রবি ভিক্টর, মৃত ছাত্রের পরিবারের সদস্য এবং এলাকার বহু মানুষ। এই ঘটনার পর থেকেই স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে সাঁতারের প্রশিক্ষণের সময় পর্যাপ্ত নজরদারি ছিল কি না, তা নিয়ে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মধ্যে।


পুলিশ জানিয়েছে, মৃতদেহের ময়নাতদন্ত আসানসোল জেলা হাসপাতালেই করা হবে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং নিরাপত্তায় কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, কয়েক বছর আগেও আসানসোল ক্লাবে সাঁতার কাটতে নেমে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনার স্মৃতি এখনও টাটকা স্থানীয়দের মনে। ফলে ফের একই ধরনের দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। যদিও এখনও পর্যন্ত এই ঘটনার বিষয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



