পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর এবার আইনি লড়াইয়ে নামলেন প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। জেলবন্দি অবস্থাতেই নিজের গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির বিরুদ্ধে দায়ের হওয়া এই মামলার শুনানি শুক্রবারই হতে পারে বলে আদালত সূত্রে খবর।
জানা গিয়েছে, আইনজীবীর মাধ্যমে ইতিমধ্যেই হাই কোর্টে মামলা দায়ের করেছেন সুজিত বসু। সূত্রের খবর, বিচারপতি শম্পা দত্ত পালের এজলাসে জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি হতে পারে।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই ইডির নজরে ছিলেন তৃণমূল নেতা সুজিত বসু। অভিযোগ, অর্থের বিনিময়ে পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল। সেই তদন্তের অংশ হিসেবেই একাধিকবার তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
গত ৬ এপ্রিল, বিধানসভা ভোটের মনোনয়ন জমা দেওয়ার সময় থেকেই ইডির তরফে সুজিত বসুকে হাজিরার নোটিস পাঠানো শুরু হয়। তবে নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে সেই সময় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আদালতের নির্দেশে ভোট চলাকালীন ইডির হাজিরা এড়িয়েছিলেন তৃণমূল নেতা।
ভোট পর্ব শেষ হওয়ার পর তদন্তে যোগ দেন সুজিত বসু। এরপর কয়েক দফায় তাঁকে জেরা করে ইডি। তল্লাশি চালানো হয় তাঁর বাড়ি ও অফিসেও। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গত ১১ মে তাঁকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
বর্তমানে জেল হেফাজতে রয়েছেন প্রাক্তন মন্ত্রী। তদন্তকারীদের দাবি, দমদম পুরসভায় শতাধিক চাকরিপ্রার্থীর নাম বেআইনিভাবে সুপারিশ করেছিলেন তিনি। শুধু তাই নয়, এই নিয়োগ প্রক্রিয়ায় মোটা অঙ্কের টাকার লেনদেনও হয়েছে বলে অভিযোগ।
ইডি সূত্রে খবর, আর্থিক লেনদেনের প্রমাণ খুঁজতে সুজিত বসুর বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আর্থিক নথিও খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।
এবার নিজের গ্রেপ্তারির বৈধতা নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন সুজিত বসু। ফলে শুক্রবারের সম্ভাব্য শুনানির দিকে নজর রয়েছে রাজনৈতিক মহল ও তদন্তকারী সংস্থার।



