রাম মন্দির (Ram Mandir)-এর অনুদান কেলেঙ্কারি ঘিরে এবার সরাসরি বিজেপি (Bharatiya Janata Party) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-কে নিশানা করলেন আম আদমি পার্টি (Aam Aadmi Party)-র প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তাঁর অভিযোগ, বিজেপি শুধুমাত্র ভোটের স্বার্থে ভগবান রামের নাম ব্যবহার করেছে। একই সঙ্গে তিনি দাবি করেন, আম আদমি পার্টিই দেশের ‘প্রকৃত সনাতনী’ রাজনৈতিক দল।
বুধবার এক সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল রাম মন্দিরের অনুদান কেলেঙ্কারি প্রসঙ্গ তুলে অমিত শাহকে একাধিক প্রশ্ন করেন। তাঁর দাবি, গত আড়াই বছরে স্বরাষ্ট্রমন্ত্রী একবারও রাম মন্দিরে যাননি। অথচ এই সময়ের মধ্যে নিজের বিভিন্ন রাজনৈতিক ভাষণে বহুবার রাম মন্দিরের প্রসঙ্গ তুলে ভোট চেয়েছেন।
কেজরিওয়ালের বক্তব্য, গত ৮৯১ দিনে অমিত শাহ ৪২ বারেরও বেশি রাম মন্দিরের উল্লেখ করেছেন। কিন্তু ভোট চাওয়ার জন্য রামের নাম ব্যবহার করলেও রামলালার দর্শনে যাওয়ার সময় তাঁর হয়নি। এই প্রসঙ্গেই তিনি প্রশ্ন তোলেন, যদি রামের প্রতি বিশ্বাস থাকে, তবে কেন তিনি এখনও রাম মন্দিরে যাননি এবং আশীর্বাদ নেননি?
এরপরই বিজেপির বিরুদ্ধে আরও তীব্র আক্রমণ শানিয়ে কেজরিওয়াল বলেন, যাঁরা সত্যিই ভগবান রামকে ঈশ্বর হিসেবে মানেন, তাঁরা কখনও রাম মন্দিরের দান বা অনুদান আত্মসাতের মতো ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারেন না। তাঁর অভিযোগ, ক্ষমতা দখলের জন্য বিজেপি রামের নাম ব্যবহার করেছে এবং সেই কারণেই রাম মন্দিরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে কাজে লাগানো হয়েছে।
আম আদমি পার্টিকে ‘আসল সনাতনী দল’ বলে দাবি করে কেজরিওয়াল বলেন, তাঁদের দল সনাতন মূল্যবোধের ভিত্তিতে শিক্ষা, স্বাস্থ্য এবং জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। তাঁর মতে, পাঞ্জাবে স্কুল ও মহল্লা ক্লিনিক নির্মাণের মতো উদ্যোগ সমাজসেবার আদর্শকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যা প্রকৃত সনাতন দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
শেষে কেজরিওয়াল ফের অমিত শাহকে আক্রমণ করে দাবি করেন, গত আড়াই বছরে তিনি একবারও রাম মন্দিরে যাননি। পাশাপাশি রাম মন্দিরের অনুদান কেলেঙ্কারির ঘটনায় প্রকৃত অভিযুক্তদের রক্ষা করার চেষ্টা চলছে বলেও অভিযোগ তোলেন






