নজরবন্দি ব্যুরো: কৃষি আইন নিয়ে ফের একবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন আম আদমি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন চলাকালীন নয়া কৃষি আইনের প্রতিলিপি ছিঁড়ে ফেললেন অরবিন্দ কেজরিওয়াল।
আরও পড়ুন: ‘ফোর্বস’- সমীক্ষায় একমাত্র ধনী ভারতীয় তারকা হিসেবে জায়গা পেলেন অক্ষয় ।
কেন্দ্রের কাছে তাঁর আবেদন, ‘ব্রিটিশদের থেকেও খারাপ হয়ে যাবেন না।’ সেইসঙ্গে চলমান এই অতিমারির মধ্যেও তাড়াহুড়ো করে এই আইন পাশ করা হল কেন তা নিয়েও প্রশ্ন তুললেন তিনি। এদিন অধিবেশনে কেজরিওয়াল বলেন, ‘প্রতিটি কৃষক ভগৎ সিং হয়ে উঠেছেন। সরকার বলছে, তারা কৃষকদের কাছে পৌঁছে নয়া আইনের সুফলের কথা বোঝাচ্ছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলছেন, সুবিধা কৃষকদের কারণ তাঁদের জমি কেড়ে নেওয়া হবে না। এটা কেমন সুবিধার কথা হল?’
প্রসঙ্গত, রাজধানীতে আন্দোলনরত কৃষকদের সমর্থনে অনেক আগে থেকেই গলা মিলিয়েছে আপ। কৃষকদের জন্য পানীয় জল, চিকিত্সা সেবা, শৌচকর্মের সুবিধা প্রদান করেছে সরকার। গত সপ্তাহেই সিংঘু সীমান্তে কৃষকদের পাশে দাঁড়িয়ে রাজধানীর মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা কৃষকদের সমস্ত দাবি সমর্থন করি।’
বিজেপিকে আক্রমণ করে কেজরিওয়াল বলেন, ‘কিছু বিজেপি নেতা বলছে কৃষকরা দেশবিরোধী। দেশের এত এত গায়ক, সেলিব্রিটি, চিকিত্সক, ব্যবসায়ীরা এই আন্দোলনে সমর্থন করছেন, তাঁরাও কি দেশবিরোধী?’



