নজরবন্দি ব্যুরোঃ ৭-৮ বছর ধরে আত্মগোপন করেছিলেন। অবশেষে কলকাতার STF-র জালে মাওবাদী নেত্রী, যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের প্রাক্তন ছাত্রী জয়িতা দাস। নদিয়ার জাগুলিয়া থেকে গ্রেফতার করা হল তাঁকে। ধৃতকে ৭ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। জয়িতা মাওবাদী রাজ্য কমিটির সদস্য।
আরও পড়ুনঃ দাঁড়িয়ে থেকে বিরোধীদের নমিনেশন জমা করতে দেব, বিতর্কিত মন্তব্য উদয়নের


কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) তাঁকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, গত বছরের ২৮ ডিসেম্বর ময়দান থানা এলাকায় একটি ব্যাগ পাওয়া গিয়েছিল। তার ভিতরে ছিল সিপিআই (মাওবাদী) দলের কিছু পোস্টার ও আরও অনেক নথি। তবে ব্যাগটি কার সেই বিষয়ে তখনও কিছুই জানতে পারা যায়নি। সেই সূত্র ধরেই পুলিশ তদন্ত শুরু করে।
এর ভিত্তিতেই এসটিএফ ১২০ বি, ১২১, ১২১ এ, ১২২, ১২৩ ও ১২৪ এ ধারায় একটি এফআইআর (০১/২২) দায়ের করে। তবে এফআইআরে কারোর নাম উল্লেখ করা ছিল না। সেই এফআইআরের ভিত্তিতে তদন্ত করতে গিয়ে পুলিশ মুর্শিদাবাদ থেকে দু’জনকে প্রথমে গ্রেফতার করেছিল। ধৃতদের নাম প্রতীক ভৌমিক ও হাসিবুর শেখ।
গ্রেফতার মাও-নেত্রী জয়িতা দাস
এই মামলাতেই জয়িতা দাসকে গতকাল নদিয়া জেলার জাগুলিয়া মোড় থেকে গ্রেফতার করা হয়েছে। এদিকে আবার জঙ্গলমহলের একাধিক জেলায় মাওবাদীদের কার্যকলাপ বেড়েছে। পোস্টার পাওয়া গিয়েছে বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে। কয়েকটি লেখা ছিল, ‘আমরা শীঘ্রই আসছি’। এমনকী, বাঁকুড়ার বারিকুলে মাওবাদী পোস্টার উদ্ধারের ঘটনা গ্রেফতার করা হয়েছ ২ সন্দেহভাজনকে। ধৃতদের কাছ থেকে পাওয়া গিয়েছে প্রচুর মাও-নথিও।










