অরিজিতের অবসর ঘোষণায় স্তব্ধ অনুরাগীরা! সেই মুহূর্তেই ভাইরাল বিরাটের পুরনো পোস্ট—‘আমি ওঁর সবচেয়ে বড় ফ্যান’

সিনেমায় প্লেব্যাক গাওয়া থেকে অবসর নেওয়ার ঘোষণা অরিজিৎ সিংয়ের। সেই আবহেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিরাট কোহলির পুরনো পোস্ট—‘আমি ওঁর সবচেয়ে বড় ফ্যান’।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বলিউডের সংগীতজগতে যেন আচমকাই নেমে এল নীরবতা। নতুন বছরের শুভেচ্ছা জানাতে গিয়ে হঠাৎই সিনেমায় প্লেব্যাক গাওয়া থেকে অবসর নেওয়ার ঘোষণা করলেন অরিজিৎ সিং। এই ঘোষণার পরই দেশ-বিদেশে ছড়িয়ে থাকা কোটি কোটি অনুরাগীর মধ্যে তৈরি হয়েছে বিস্ময় ও হতাশা। ঠিক সেই সময়েই সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হয়ে উঠেছে ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির একটি পুরনো পোস্ট—যেখানে তিনি নিজেকে অরিজিতের ‘সবচেয়ে বড় ফ্যান’ বলে দাবি করেছিলেন।

মঙ্গলবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক আবেগঘন পোস্টে অরিজিৎ সিং লেখেন, “নতুন বছরের শুভেচ্ছা সকলকে। শ্রোতা হিসেবে এত বছর ধরে আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, এ বার থেকে আমি আর প্লেব্যাক গায়ক হিসেবে কোনও কাজ করব না।”
এই ঘোষণার পরই অনুরাগীদের মধ্যে প্রশ্নের ঝড়—কেন হঠাৎ এমন সিদ্ধান্ত?

অরিজিতের পোস্টে স্পষ্ট করে দেওয়া হয়েছে, তিনি গান তৈরি করা বা সংগীতচর্চা থেকে সরে যাচ্ছেন না। তিনি লিখেছেন, “ঈশ্বর আমার প্রতি অত্যন্ত সদয় ছিলেন। আমি ভালো মিউজিকের একজন অনুরাগী। ভবিষ্যতে একজন সাধারণ শিল্পী হিসেবে আরও নতুন কিছু শেখার এবং নিজের মতো করে কিছু করার চেষ্টা করব।” পাশাপাশি তিনি জানান, আগের কিছু কাজ এখনও বাকি রয়েছে, সেগুলি শেষ করবেন। ফলে চলতি বছরে তাঁর আরও কিছু গান মুক্তি পেতে পারে।

অরিজিতের এই ঘোষণার মাঝেই নতুন করে আলোচনায় এসেছে বিরাট কোহলি-র ২০১৬ সালের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। সেখানে বিরাট লিখেছিলেন,
“আমি সম্ভবত অরিজিৎ সিংয়ের সবচেয়ে বড় ফ্যান। ওঁর প্রতিভা আর আবেগপূর্ণ কণ্ঠ আমাকে মুগ্ধ করে দিয়েছে। সত্যি বলতে, আমার কাছে শব্দ কম পড়ে যাচ্ছে।”
অরিজিতের অবসর ঘোষণার পর সেই পোস্টই ফের ভাইরাল হয়ে যায়।

বলিউডে একের পর এক সুপারহিট গানের নেপথ্য কণ্ঠ হিসেবে অরিজিৎ সিং যে জায়গা তৈরি করেছেন, তা কার্যত অদ্বিতীয়। তাই তাঁর প্লেব্যাক থেকে সরে যাওয়ার ঘোষণায় শুধু সাধারণ শ্রোতাই নন, হতবাক সংগীত জগতও। যদিও শিল্পী নিজেই জানিয়ে দিয়েছেন—এটা শেষ নয়, বরং তাঁর সংগীতযাত্রার নতুন অধ্যায়ের সূচনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত