নজরবন্দি ব্যুরো: করোনা কালের নির্বাচন, ২৯৪ টি আসনের জন্য মোট ৮ দফায় বাংলায় ভোট করাচ্ছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে হয়ে গিয়েছে ৬ দফার ভোট। বাকি আর শেষ দুই। তবে এই শেষের দু’দফায় সতর্কতা অতিরিক্ত। রাজ্যে করোনার গ্রাফ শুরুতে কিছুটা কমলেও এই নির্বাচন কালের মিটিং মিছিল আর জনসভায় মানুষে মানুষে সংক্রমণ ছড়িয়েছে বহুদূর। বহু মানুষের শরীরে এই মুহূর্তে অ্যাকটিভ করোনা ভাইরাস।
আরও পড়ুনঃ করোনা রোগীর সঙ্গেই আছেন আত্মীয়, চুঁচুড়ার হাসপাতালের ঘটনায় আশঙ্কা সংক্রমণের


আপদ কালে শেষের দিকে এসে জনসভা থেকে রোড শো বন্ধের নির্দেশ দিতে বাধ্য হয়েছে কমিশন। তাই এই শেষের দফা গুলিতে সতর্কতা মূলক কড়াকড়ি একটু বেশি। অন্যদিকে বাকি ৬ দফাতেই কমিশন নিশ্ছিদ্র সুরক্ষা বলয় তৈরি করলেও প্রতি দফাতেই কোনো না কোনো ঘটনার প্রেক্ষিতে আঙুল উঠেছে কমিশনের দিকেই। নির্বাচনের দিন ঘোষণার আগেই ২১এর বাংলার নির্বাচন শান্তিপূর্ণ করানোর লক্ষ্যে রাজ্যে এসেছিল কেন্দ্রীয় বাহিনী। রীতিমত রুট মার্চ করে চিনেছিল এলাকা। তারপরেও দফায় দফায় বিক্ষিপ্ত ঘটনায় অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।
ভোট চতুর্থীর শীতলকুচির ঘটনার ক্ষত এখনো দগদগে। তার মধ্যেই ষষ্ঠ দফাতেও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন বাইরে থেকে এই বিপুল সংখ্যার কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসার ফলেই ব্যাপক ভাবে সংক্রমিত হয়েছে করোনা। এমনকি আজ মুর্শিদাবাদের ভার্চুয়াল বৈঠক থেকে তিনি বলেছেন, কেন্দ্রীয় বাহিনী কিছু বলতে এলে বলবেন আগে নিজেদের কোভিড টেস্ট করাতে।
করোনা কালের নির্বাচন, আর সব মিলিয়ে ভোট সপ্তমীতে আরো কড়া পাহারা রাখছে কমিশন। সূত্রের খবর সপ্তম দফায় মোট ৭৯ হাজার ৬০০ আধাসেনা মোতায়েন করা হয়েছে। সপ্তম দফায় ভোট হচ্ছে মহানগরীর বেশ কিছু কেন্দ্রে। দক্ষিণ কলকাতার বুথগুলির জন্য বরাদ্দ হয়েছে ৬৩ কোম্পানি আধাসেনা। আগামী কালের ভোটে আসানসোল দুর্গাপুরে থাকবে ১৫৪ কোম্পানি আধাসেনা, কাল ভোট দক্ষিণ দিনাজপুরে, সেখানে থাকছে ১০৮ কোম্পানি আধাসেনা। মুর্শিদাবাদের কিছু আসনে নির্বাচন কাল, কিছু আসনে নির্বাচন একেবারে শেষ দফায়। জঙ্গিপুর পিড-তে আগামী কাল থাকবে ১০২ কোম্পানি আধাসেনা। রায়গঞ্জ পিডিতে থাকবে ২ কোম্পানি জওয়ান। এবং মালদহ থাকবে ১২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।









