আইএসএল শুরুর আগেই বড় ধাক্কা ইস্টবেঙ্গলের। শনিবার বেঙ্গালুরু এফসির বিপক্ষে এবারের আইএসএল অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল। তাঁর আগে চার মাসের জন্য নির্বাসিত হলেন ফুটবলার আনোয়ার আলি। শেষ কয়েক সপ্তাহ ধরেই এই ফুটবলারকে নিয়ে টানাপোড়েন চলছিল মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসির রঞ্জিত বাজাজের মধ্যে। নির্বাসনের পাশাপাশি মোটা অঙ্কের জরিমানা চাপানো হয়েছে তাঁর উপর।
প্রাক্তন ক্লাব মোহনবাগানকে ১২ কোটি ৯০ লক্ষা টাকা জরিমানা দিতে হবে। তবে যৌথভাবে জরিমানার অঙ্ক দিতে হবে আনোয়ার, ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসিকে। আনোয়ারের পাশাপাশি বড়সড় শাস্তির মুখে ইস্টবেঙ্গলও। আগামী দুটি রেজিস্ট্রেশন পিরিয়ড থেকে কোনও নতুন ফুটবলার নিতে পারবে না লাল-হলুদ শিবির।


সূত্রের খবর, ফেডারেশনের কঠিন পদক্ষেপের বিরুদ্ধে আবেদন জানাতে চলেছে ইস্টবেঙ্গল। চলছে আইনজীবীদের সঙ্গে পরামর্শ। উল্লেখ্য, ১৩ আগস্ট ইস্টবেঙ্গলের স্পোর্টস ডে-র অনুষ্ঠানের মঞ্চে আনোয়ার আলির হাতে লাল হলুদ জার্সি তুলে দেওয়া হয়। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তাঁর হাতে চার নম্বর জার্সি তুলে দেন। সেদিনই আনুষ্ঠানিকভাবে আনোয়ারের ইস্টবেঙ্গলে আত্মপ্রকাশ ঘটে। দেশের সেরা ডিফেন্ডারকে পাঁচ বছরের দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করানো হয়।
আনোয়ার জানান, সমর্থকদের আবেগ দেখে মুগ্ধ তিনি। ইস্টবেঙ্গলের হয়ে নিজেকে উজাড় করে দিতে চান। কিন্তু আপাতত লাল হলুদ জার্সিতে মাঠে নামা হচ্ছে না আনোয়ারের। মোহনবাগানের চুক্তি ভেঙে কলকাতার আরেক প্রধানে যোগ দেওয়ার জন্য বড় শাস্তির মুখে পড়তে হল জাতীয় দলের ডিফেন্ডারকে।







