নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েতে বিজেপির জয়ী প্রার্থীদের সংবর্ধনা দিতে শনিবার কলকাতায় এসে পৌঁছলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। আর কলকাতা বিমানবন্দরে নেমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুধে সুর চড়ালেন তিনি। পঞ্চায়েত নির্বাচনে হওয়া হিংসার দায় সরাসরি মুখ্যমন্ত্রীর ওপর চাপালেন অনুরাগ। তাঁর কথায়, মমতা সরকারের সময় ফুরিয়ে আসছে!


এদিন বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ ঠাকুর বলেন, ‘বাংলার সরকার পুরোপুরি ব্যর্থ। মণিপুরের চেয়ে বাংলায় বেশি হিংসা হচ্ছে। গণতন্ত্রকে হত্যা করছে তৃণমূল। সনিয়া গান্ধীর বাংলায় এসে পরিস্থিতি দেখা উচিৎ। এখানে মহিলাদের অবস্থা খুবই খারাপ। কেউই সুরক্ষিত নয়। পঞ্চায়েতে ৫৭ জনের বেশি মানুষের হত্যা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকের নীচ দিয়ে খুন হয়েছে। দীর্ঘদিন ধরে অপরাধীদের সুরক্ষা দিয়েছেন তিনি। রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। তবে, গতবারের চেয়ে বিজেপির আসন প্রায় দ্বিগুণ হয়েছে। ফলে বোঝাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় শেষ হয়ে এসেছে’।

আজ কলকাতা বিমানবন্দর থেকে প্রথমে হুগলির কামারপুকুরে গেলেন অনুরাগ ঠাকুর। সেখানে গিয়ে শ্রীরামকৃষ্ণদেবের জন্মভিটেতে শ্রদ্ধা জ্ঞাপন করলেন তিনি। পাশাপাশি, পঞ্চায়েতে বিজয়ী বিজেপি প্রার্থীদের সংবর্ধনা দেবেন কেন্দ্রীয় মন্ত্রী। এরপর যাবার কথা খানাকুলে।



অন্যদিকে, অনুরাগের এই মন্তব্যের পাল্টা তৃণমূলের মন্ত্রী শশী পাঁজার বক্তব্য, ‘ভয় পেয়েই এই সব কথা বলছেন তিনি। তাঁর তো এখন মণিপুরে যাবার কথা। তিনি আগে যে কথা বলেছিলেন সেই কথা অনুযায়ী তাঁর জেলে থাকার কথা’।
মমতা সরকারের সময় ফুরিয়ে আসছে! কলকাতায় এসেই মুখ্যমন্ত্রীকে নিশানা অনুরাগের








