নজরবন্দি ব্যুরো: আবগারি দুর্নীতি মামলায় বুধবার আপ সাংসদ সঞ্জয় সিংকে গ্রেফতার করেছে ইডি। এই ঘটনায় ক্ষুব্ধ দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল। সঞ্জয় সিংয়ের গ্রেফতারির প্রতিবাদে সররব দিল্লির শাসক দল। কেজরিওয়াল সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘দুর্নীতিগ্রস্ত’ বলেও কটাক্ষ করেছেন। এরপরই দিল্লির মুখ্যমন্ত্রীকে পাল্টা বেনজির আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।
আরও পড়ুন: জলমগ্ন কলকাতায় তৃণমূলের মিছিলে যানজটের আশঙ্কা, কোন পথে এগোবে TMC-র রাজভবন অভিযান?


বৃহস্পতিবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ করে বলেন, “অরবিন্দ কেজরিওয়াল যাদের সততার সার্টিফিকেট দিয়েছিলেন, তাঁরা সকলেই জেলে। কিং পিন এখনও বাইরে ঘুরছে। শীঘ্রই তাঁর পালাও আসবে।” কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, “কিং পিন এখনও বাইরে রয়েছেন। ওনার নম্বরও আসবে। তদন্ত চলছে।” এদিকে আপের দাবি, ইন্ডিয়া জোট তৈরি হওয়ার পর চাপে পড়েছেন মোদী। তাই তিনি এখন মরিয়া হয়ে উঠেছেন। আগামী বছর লোকসভা নির্বাচন না হওয়া পর্যন্ত একের পর এক গ্রেফতার করবে ওঁরা।

গতকাল আবগারি দুর্নীতি মামলায় বুধবার সকালে সাংসদ সঞ্জয় সিংয়ের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী আধিকারিকরা। প্রায় ১০ ঘণ্টা ধরে তল্লাশি চলে। গতকাল সন্ধ্যায় গ্রেফতার করা হয় তাঁকে। দলীয় সাংসদের গ্রেফতারির পর তাঁর বাড়িতে গিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ”আম আদমি পার্টি দেশের সবচেয়ে সৎ রাজনৈতিক দল। সেই সততারই মূল্য দিতে হচ্ছে। এই মামলায় হাজারেরও বেশি অভিযান চালানো হয়েছে। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।”



উল্লেখ্য, দুর্নীতি মামলায় ইতিমধ্যেই আপের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছিল। দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈনের গ্রেফতারির পর জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছিলেন সঞ্জয় সিং। তাঁকেও এবার গ্রেফতা করা হল। এই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে আপের নেতা-মন্ত্রীরা।
‘কিং পিন’ কেজরিওয়াল, আপ প্রধানকে বেনজির আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর








