অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পে আবেদন করেও অনেকের অ্যাকাউন্টে জুলাই মাসের টাকা আসেনি। সরকারি পোর্টালে আবেদনপত্রের স্ট্যাটাস ‘Rejected’ দেখাচ্ছে, কিন্তু বাতিলের কারণ উল্লেখ নেই। ফলে বহু আবেদনকারীর মনে তৈরি হয়েছে বিভ্রান্তি। কেন আবেদন বাতিল হল? আবার আবেদন করা যাবে? ৩ হাজার টাকা পাওয়ার সুযোগ কি এখনও রয়েছে? জেনে নিন সব গুরুত্বপূর্ণ তথ্য।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র ঘোষণার পর জুন মাস থেকেই রাজ্যে চালু হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। প্রথম দফায় ৫০ লক্ষেরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য পৌঁছে যায়। জুলাই মাসে সেই সংখ্যা বেড়ে ১ কোটিরও বেশি হয়েছে বলে সরকারি তথ্য। তবে এখনও বহু আবেদনকারী টাকা পাননি।
সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে তাঁদের ক্ষেত্রে, যাঁদের আবেদনপত্রের স্ট্যাটাস সরকারি পোর্টালে ‘Rejected’ দেখাচ্ছে। কিন্তু ঠিক কোন কারণে আবেদন বাতিল হয়েছে, তা পোর্টালে উল্লেখ করা হয়নি। ফলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আবেদনকারীদের মধ্যে।
সরকারি সূত্র এবং প্রশাসনিক পর্যায়ের তথ্য অনুযায়ী, কয়েকটি সাধারণ কারণে আবেদন বাতিল হতে পারে। আবেদনপত্রে আধার কার্ড ও ভোটার কার্ডের তথ্যের মধ্যে গরমিল থাকলে আবেদন গ্রহণ নাও হতে পারে। এছাড়া এসআইআর (SIR)-এ নাম বাদ পড়ার তথ্য গোপন করে আবেদন করা হলেও সেটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া ভারতের নাগরিকত্ব সংক্রান্ত প্রয়োজনীয় নথি না থাকা সত্ত্বেও আবেদন করলে সেই আবেদনও খারিজ হতে পারে। আবেদন করার আগে সমস্ত নথির তথ্য সঠিক রয়েছে কি না, তা মিলিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।
তবে সব ক্ষেত্রেই যে নথির সমস্যার জন্য আবেদন বাতিল হচ্ছে, এমন নয়। অনেক সময় প্রযুক্তিগত ত্রুটির কারণেও পোর্টালে সাময়িকভাবে ‘Rejected’ স্ট্যাটাস দেখা যেতে পারে। তাই কিছু সময় পর আবার স্ট্যাটাস পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে।
যদি সমস্ত নথি সঠিক থাকার পরও আবেদন সত্যিই বাতিল হয়ে থাকে, তাহলে হতাশ হওয়ার কারণ নেই। রাজ্যের মন্ত্রী মালতি রাভা রাও (Malati Rava Roy) জানিয়েছেন, যোগ্য আবেদনকারীদের আবেদন যদি কোনও কারণে খারিজ হয়ে থাকে, তাহলে তাঁরা পুনরায় আবেদন করতে পারবেন।
গুরুত্বপূর্ণ বিষয় হল, আগস্ট মাস পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করার সুযোগ রয়েছে। তাই যাঁদের আবেদন বাতিল হয়েছে, তাঁরা প্রয়োজনীয় নথি যাচাই করে নতুন করে আবেদন করলে ভবিষ্যতে প্রকল্পের সুবিধা পাওয়ার সুযোগ থাকবে।






