রাজনীতিতে আসছেন অঙ্কুশ হাজরা? জল্পনায় মুখ খুলে যা বললেন অভিনেতা

রাজনীতিতে যোগের জল্পনা উড়িয়ে দিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। কোনও দলের প্রস্তাব পাননি বলে স্পষ্ট জানিয়ে এখন সিনেমার কাজেই ব্যস্ত থাকার কথা বললেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টলিপাড়ায় হঠাৎই জোর গুঞ্জন—অভিনেতা অঙ্কুশ হাজরা নাকি এবার রাজনীতির ময়দানে নামতে চলেছেন! ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে যখন একাধিক তারকার রাজনৈতিক যোগদানের জল্পনা চলছে, তখন অঙ্কুশকে ঘিরে খবর ছড়াতেই শুরু হয়েছে তীব্র আলোচনা। তবে এই জল্পনায় নিজেই জল ঢাললেন অভিনেতা।

এক বাংলা সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় অঙ্কুশ স্পষ্ট জানালেন, রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে তিনি নিজেই কিছু জানেন না। তাঁর কথায়, “সকাল থেকেই এই নিয়ে অনেক ফোন ও মেসেজ পাচ্ছি। কিন্তু এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক দলের পক্ষ থেকে আমাকে কোনও প্রস্তাব দেওয়া হয়নি। কে বা কারা এই ধরনের খবর ছড়াচ্ছে, সেটাও জানি না।”

অভিনেতা আরও জানান, এই মুহূর্তে তিনি সম্পূর্ণভাবে সিনেমার কাজ নিয়েই ব্যস্ত। নতুন ছবি নির্বাচন ও ভবিষ্যৎ প্রজেক্ট নিয়েই তাঁর সমস্ত মনোযোগ। ফলে এখন রাজনীতিতে যোগ দেওয়ার কোনও পরিকল্পনাই নেই বলে স্পষ্ট করে দেন তিনি।

সম্প্রতি অরিজিৎ টোটোন চক্রবর্তীর পরিচালনায় ‘লক্ষ্মী এল ঘরে’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অঙ্কুশ। পশ্চিমবঙ্গ সরকারের নিবেদনে তৈরি এই ছবিতে বিভিন্ন সরকারি প্রকল্পের উল্লেখ থাকায় অনেকেই ছবিটিকে রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত করে দেখেন। সেই থেকেই অভিনেতার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয় বলে মনে করা হচ্ছে।

এর মধ্যেই ২০২৬ সালের নির্বাচনের আগে টলিউডের একাধিক তারকার নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসায় জল্পনা আরও বেড়েছে। কিছুদিন আগে অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়কেও ঘিরে একই ধরনের আলোচনা শুরু হয়েছিল, যদিও তিনিও জানিয়েছিলেন এখনও কোনও আনুষ্ঠানিক প্রস্তাব পাননি।

উল্লেখযোগ্যভাবে, সরস্বতী পুজোর আগে মুক্তি পাওয়া অঙ্কুশ-ঐন্দ্রিলা সেন অভিনীত ‘নারী চরিত্র বেজায় জটিল’ বক্স অফিসে ভালো সাড়া ফেলেছিল। বর্তমানে অভিনেতা ব্যস্ত তাঁর আগামী ছবি ‘মির্জা ২’-এর প্রস্তুতি নিয়ে। রাজনৈতিক জল্পনা তাঁর কেরিয়ারে আদৌ কোনও প্রভাব ফেলে কি না, এখন সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত