দীর্ঘ ছয় মাসের নীরবতার পর কি শেষমেশ কাটতে চলেছে টলিউডের অচলাবস্থা? অভিনয় ও পরিচালনা— দুই ক্ষেত্র থেকেই কার্যত দূরে থাকা অনির্বাণ ভট্টাচার্যকে ঘিরে নতুন করে জোর জল্পনা। ইন্ডাস্ট্রির অন্দরে খবর, ফেডারেশনের সঙ্গে সম্পর্কের বরফ নাকি ধীরে ধীরে গলছে, আর সেই কারণেই খুব শিগগিরই ক্যামেরার সামনে ফিরতে পারেন জনপ্রিয় অভিনেতা-পরিচালক।
টলিউডের অন্দরমহলে দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, ফেডারেশনের সঙ্গে মতবিরোধের জেরেই কার্যত ‘নিষিদ্ধ’ হয়ে পড়েছিলেন অনির্বাণ। শুটিং সংক্রান্ত বিরোধ থেকেই শুরু হয়েছিল সংঘাত, যা পরে পরিচালকদের একাংশ ও ফেডারেশনের দ্বন্দ্বে রূপ নেয় এবং শেষ পর্যন্ত বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।


খবর অনুযায়ী, যে ১৫ জন পরিচালক ফেডারেশনের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন, তাঁদের মধ্যে অনির্বাণও ছিলেন। পরবর্তীতে অন্য পরিচালকেরা বিভিন্নভাবে সমঝোতায় পৌঁছে কাজে ফিরলেও অনির্বাণের ক্ষেত্রে পরিস্থিতি দীর্ঘদিন অমীমাংসিতই ছিল।
এই সময় অভিনেতার পাশে দাঁড়িয়ে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন টলিউডের একাধিক প্রথম সারির তারকা— দেব, শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তী-সহ অনেকে তাঁর হয়ে ক্ষমা প্রার্থনাও করেন। তবু পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি। বরং ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস তখন প্রশ্ন তুলেছিলেন, “সবাই অনির্বাণের হয়ে বলছেন, কিন্তু উনি নিজে কিছু বলছেন না। তা হলে কি তাঁর ফেরার ইচ্ছে নেই?”
তবে সাম্প্রতিক গুঞ্জন বলছে, পরিস্থিতি বদলাতে শুরু করেছে। ফেডারেশন সভাপতির সঙ্গে অনির্বাণের নাকি সরাসরি কথা হয়েছে, এমনকি মুখোমুখি বৈঠকও হয়েছে বলে ইন্ডাস্ট্রি সূত্রে দাবি। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি অভিনেতা নিজে।


আনন্দবাজার ডট কমের তরফে যোগাযোগ করা হলে স্বরূপ বিশ্বাস বলেন, “বিষয়টি নিয়ে অনেক ফোন পাচ্ছি। ঠিক কী হচ্ছে, তা জানতে একটু ধৈর্য ধরতে হবে। সময় এলে সবাই সব জানতে পারবেন।”
সূত্রের খবর, সম্প্রতি আদালতে মামলার খারিজ হওয়ার বিষয়টি ফেডারেশনের সামনে তুলে ধরা হয়েছে এবং অনির্বাণের বিষয়টি নতুন করে বিবেচনার অনুরোধ জানানো হয়েছে। জল্পনা আরও জোরাল— মার্চের মাঝামাঝি উভয়পক্ষের উপস্থিতিতেই নাকি তাঁর ‘ঘর ওয়াপসি’র আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।







