নজরবন্দি ব্যুরো : দিলীপ ঘোষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। পুলিশকে নিয়ে আপত্তিকর মন্তব্যের ভিত্তিতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা। প্রায় বছরখানেক আগে দিলীপের বিরুদ্ধে পুলিশকে নিয়ে আপত্তিকর এবং উস্কানীমূলক মন্তব্যের অভিযোগ উঠেছিল। আর সেই অভিযোগের ভিত্তিতেই মেদিনীপুর সাংসদের বিরুদ্ধে বর্ধমান আদালতে জারি হল গ্রেফতারি পরোয়ানা।
আরও পড়ুনঃ দেশবাসীকে দীপাবলীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি।
গতবছর ৪ নভেম্বর বর্ধমানে রায়না এলাকায়, একটি সভায় দাঁড়িয়ে পুলিশের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। তাঁকে এই সাভায় দাঁড়িয়ে বলতে শোনা যায়, “রাজ্যের পুলিশকর্মীরা আকন্ঠ দুর্নীতিতে ডুবে। টাকা না দিলে পুলিশের চাকরি মেলে না। প্রমোশনের জন্যও পুলিশকে টাকা দিতে হয়। এসপি থেকে ওসি সকলকে টাকা তুলতে হয় এবং সেই টাকা যায় তৃণমূলের পার্টি অফিসে।” এই বিতর্কিত মন্তব্যের জেরেই বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে অভিযোগ দায় করেন,রায়নার সেহারাবাজার ফাঁড়ির এক পুলিশকর্মী।
তাঁর অভিযোগ, দিলীপ ঘোষের এই মন্তব্যে পুলিশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সাধারণ মানুষের মনে পুলিশের প্রতি বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। এছাড়াও পুলিশ কর্মীদের মনোবলও নষ্ট হচ্ছে। আর এই পুলিশ কর্মীর অভিযোগের ভিত্তিতেই এদিন বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে, একাধিক অভিযোগ দায় করা হয়। আর চলতি বছরের ফেব্রুয়ারিতেই এই চার্টশিট পেশ করে পুলিশ।
দিলীপ ঘোষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। যদিও এই গ্রেফতারির বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না মেদিনীপুরের সাংসদ। তিনি বলেন, “আমার বিরুদ্ধে প্রতিদিনই কোনও না কোনও মামলা দায়ের হচ্ছে। এই বিষয়টি জানা নেই। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে থাকলে আদালতে জামিনের আবেদন করব।”



