নজরবন্দি ব্যুরো: পাটনায় মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাড়িতে গত শুক্রবার ২৩ জুন বৈঠকে বসেছিলেন দেশের ১৫টি বিরোধী দলের নেতা-নেত্রীরা। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়াই করার অঙ্গীকারবদ্ধ হন সকলে। লোকসভা নির্বাচনে বিজেপিকে হারানোর জন্য এক জোট হওয়ার ‘গ্যারান্টি’ দিয়েছিলেন বিরোধীরা।
আরও পড়ুন: হদিশ মিলল সায়নীর, নির্ধারিত সময়ের আগেই ED দফতরে যুব তৃণমূলের নেত্রী


মঙ্গলবার ২৭ জুন বিরোধী জোটের সেই ‘গ্যারান্টি’কে কটাক্ষ করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন, “এখন একটা নতুন শব্দ শুনতে পাচ্ছি গ্যারান্টি। কিন্তু বিরোধীদের গ্যারান্টি শুধু দুর্নীতিতেই। কোটি কোটি টাকার দুর্নীতির গ্যারান্টি দিতে পারেন তাঁরা।” মোদী আরও বলেছিলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তিনি।

আর এবার মোদীর পথ ধরেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কটাক্ষ করলেন বিজেপি বিরোধী জোটকে এবং তাঁর নেতাদের। তাঁর নিশানায় ছিলেন এই বৈঠকের মূল উদ্যোক্তা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। নিতীশ কে নিশানা করে অমিত শাহ বলেছেন, রাজ্যের জনগণ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দুর্নীতিবাজ নেতাদের উপযুক্ত জবাব দেবে।



শাহের কথায়, ‘বিহার সর্বদা দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছে। পাটনায় ২৩ জুনের সভায় যোগদানকারী বিরোধী নেতারা ২০ লক্ষ কোটি টাকার বেশি মূল্যের কেলেঙ্কারিতে জড়িত। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিহার দুর্নীতিবাজ নেতাদের উপযুক্ত জবাব দেবে।’ এখানেই শেষ নয়।
প্রধানমন্ত্রীর পর এবার স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপি বিরোধী জোট নিয়ে কটাক্ষ এবার অমিতের

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘নীতীশবাবুকে অবশ্যই ব্যাখ্যা করতে হবে যে তিনি বিহারের জন্য কী করেছেন। মহাগঠবন্ধন সরকারের অধীনে আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে’। উল্লেখ্য বিজেপি বিরোধী জোটের পরবর্তী বৈঠক জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে হতে পারে বলে খবর।







