জুনেই বঙ্গ সফরে অমিত শাহ, সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ ইস্যুতে বাড়ছে রাজনৈতিক তাৎপর্য

জুনের মাঝামাঝি পশ্চিমবঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ ও নজরদারি ব্যবস্থা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকের সম্ভাবনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী জুনের মাঝামাঝি রাজ্যে এসে বাংলাদেশ সীমান্তবর্তী একাধিক এলাকা পরিদর্শনের সম্ভাবনা রয়েছে অমিত শাহ-র। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, এই সফরের মূল ফোকাস থাকবে সীমান্ত নিরাপত্তা, নজরদারি ব্যবস্থা এবং সীমান্ত সংলগ্ন অঞ্চলের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনায়। রাজনৈতিক মহলেও এই সফর ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা।

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের দাবি, পশ্চিমবঙ্গ সফরে সীমান্তে অনুপ্রবেশ, গবাদি পশু ও মাদক পাচার, জাল নোট চক্র এবং সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে বিস্তারিত মূল্যায়ন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্তের বিভিন্ন অংশ সরেজমিন ঘুরে দেখার পাশাপাশি উচ্চপর্যায়ের বৈঠকেরও সম্ভাবনা রয়েছে।

সূত্রের খবর, বিএসএফের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাজ্যের প্রশাসনিক নেতৃত্বের সঙ্গেও আলোচনা হতে পারে। সম্ভাব্য বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাদের উপস্থিতি নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি সীমান্তবর্তী জেলার প্রশাসন ও পুলিশকর্তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে বলেও জানা যাচ্ছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, এই সফরের গুরুত্ব শুধুমাত্র প্রশাসনিক নয়। বিধানসভা নির্বাচনের পর সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ ইস্যুকে ফের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে আনতে চাইছে শাসক শিবির। দীর্ঘদিন ধরেই সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে বিরোধী রাজনীতিতে সরব ছিল বিজেপি— এই সফর সেই বার্তাকেই আরও জোরদার করতে পারে বলে মনে করা হচ্ছে।

এর আগে দেশের একাধিক সীমান্তবর্তী রাজ্য সফরও করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রবিবার রাজস্থানের বিকানের এলাকায় সীমান্ত সংক্রান্ত কর্মসূচিতে অংশ নেওয়ার পর সোমবার বিএসএফের সীমান্ত চৌকি পরিদর্শন ও নিরাপত্তা বৈঠক করেছেন তিনি। আগামী ২৯ মে গুজরাতের ভুজ সফর এবং পরে ৫ জুন ত্রিপুরা সীমান্ত সফরেরও কর্মসূচি রয়েছে।

কেন্দ্রীয় সূত্রের বক্তব্য, আন্তর্জাতিক সীমান্তে নজরদারি আরও শক্তিশালী করা, প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো এবং সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সমন্বয় আরও জোরদার করাই এই ধারাবাহিক সফরের মূল লক্ষ্য। তবে রাজনৈতিক মহলের নজর এখন সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গ সফর ঘিরেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন