২৬-এ বাংলা-তামিলনাড়ু দখলের লক্ষ্যে অমিত শাহের হুঁশিয়ারি, পাল্টা জবাব তৃণমূল ও ডিএমকে-র

মাদুরাইয়ের দলীয় বৈঠকে বাংলায় সরকার গঠনের দাবি শাহের, কটাক্ষে বিদ্ধ করল তৃণমূল ও ডিএমকে—উড়িয়ে দিল বিজেপির জয়ের সম্ভাবনা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে বিজেপি সরকার গঠন করবে—এমনই সাহসী দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার তামিলনাড়ুর মাদুরাইয়ে বিজেপির দলীয় বৈঠকে ভাষণ দিতে গিয়ে শাহ বলেন,“১০০ শতাংশ ডিএমকে-র সরকার এখন তামিলনাড়ুতে, কিন্তু ২০২৬ সালে বাংলা এবং তামিলনাড়ু দু’টোতেই এনডিএ সরকার গড়বে।”

এই মন্তব্যে নতুন করে গরম রাজ্য-রাজনীতি। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আলিপুরদুয়ারে সভা থেকে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিয়েছিলেন। তাঁর পরপরই শাহও কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মী সম্মেলনে অংশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন।

তৃণমূলের পাল্টা কটাক্ষ:

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “এগুলো উনি ২০২১ সাল থেকেই বলে আসছেন। বিজেপি বাংলার মাটিতে বারবার গোহারা হেরেছে। এখন দিবাস্বপ্ন দেখিয়ে কর্মীদের মনোবল বাড়ানোর চেষ্টা করছেন।”

তিনি আরও বলেন, “২০২১ সালের বিধানসভা হোক বা ২০২৪ সালের লোকসভা—দুটোতেই বাংলায় বিজেপি মুখ থুবড়ে পড়েছে। ওগুলোও ওঁর বলা উচিত ছিল।”

ডিএমকে-র জবাব:

ডিএমকে মুখপাত্র সৈয়দ হাফিজুল্লা বলেন,“বিজেপি হয়তো আমেরিকায় সরকার গড়তে পারে, কিন্তু তামিলনাড়ুতে নয়। এখানে বিজেপির কোনও জায়গা নেই।”

অমিত শাহ তামিলনাড়ুর সরকারি সংস্থা TASMAC-এর আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে স্ট্যালিন সরকারকেও নিশানা করেন। তাঁর অভিযোগ, স্ট্যালিন ২০২১ সালের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি।

বাংলা ও তামিল রাজনীতির ভবিষ্যৎ যে রোমাঞ্চকর হতে চলেছে, তা অমিত শাহের এই মন্তব্য ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত