ভোটের আবহে জলপাইগুড়ির সভা থেকে বড় রাজনৈতিক বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah। তাঁর স্পষ্ট ঘোষণা—বাংলায় বিজেপি সরকার গড়লে আর কাউকে একাধিক বিয়ে করতে দেওয়া হবে না, চালু হবে ইউনিফর্ম সিভিল কোড (UCC)।
Jalpaiguri-র রাজগঞ্জে জনসভা থেকে Amit Shah বলেন, “বিজেপি সরকার ক্ষমতায় এলেই চারটে বিয়ের প্রথা বন্ধ হবে। এখানে ইউনিফর্ম সিভিল কোড চালু করা হবে।” তাঁর এই মন্তব্য স্বাভাবিকভাবেই নির্বাচনের আগে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।


শুধু তাই নয়, একই সভা থেকে বিরোধীদের নিশানা করে আরও কড়া ভাষায় আক্রমণ শানান তিনি। ২৩ এপ্রিলের ভোটকে সামনে রেখে শাহর বার্তা—ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে হবে। তাঁর কথায়, “আপনারা ভোটে জবাব দিন, বাকিটা আমরা সামলাব।”
এর আগে দার্জিলিং নিয়েও বক্তব্য রাখেন Amit Shah। গোর্খা সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে তিনি দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে প্রয়োজনীয় সাংবিধানিক পরিবর্তনের মাধ্যমে পাহাড়ের দীর্ঘদিনের সমস্যা মেটানো হবে। এমনকি গোর্খাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলিও প্রত্যাহারের প্রতিশ্রুতি দেন তিনি।
একইসঙ্গে রাজনৈতিক মামলার প্রসঙ্গ টেনে তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন, বিরোধীদের দমনে আইনি ব্যবস্থার অপব্যবহার করা হচ্ছে। বিজেপি ক্ষমতায় এলে সেই প্রবণতা বন্ধ করা হবে বলেও দাবি করেন।


নববর্ষের দিনেই ‘সোনার বাংলা’ গড়ার ডাক দিয়ে Amit Shah বলেন, এই নির্বাচনই হবে পরিবর্তনের সূচনা। তবে তাঁর মন্তব্যগুলি ঘিরে রাজনৈতিক তরজা আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।








