কাশ্মীরে সন্ত্রাসদমনে বড় সাফল্যের দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বৃহস্পতিবার দিল্লিতে ষষ্ঠ বার্ষিক অ্যান্টি টেরর কনফারেন্সে যোগ দিয়ে তাঁর দাবি, দীর্ঘ ৩৫ বছর পর জম্মু-কাশ্মীর এখন ভারতে জন্মগ্রহণকারী স্থানীয় জঙ্গিমুক্ত। লস্কর-ই-তৈবার স্থানীয় জঙ্গি লতিফ ভাটের মৃত্যুর পরেই এই ঘোষণা করেন তিনি। একই সঙ্গে নিষিদ্ধ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI)-র নেটওয়ার্ক ভেঙে দেওয়া এবং পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদ ভাট্টির অপরাধচক্রের বিরুদ্ধে অভিযানের সাফল্যও তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
অমিত শাহের এই মন্তব্যের নেপথ্যে রয়েছে কুলগামে সাম্প্রতিক নিরাপত্তা অভিযান। সেখানে CRPF জওয়ানদের ক্যাম্পে হামলার পর উপত্যকা জুড়ে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। সেই অভিযানেরই এক পর্যায়ে লস্কর-ই-তৈবার স্থানীয় জঙ্গি লতিফ ভাট নিহত হয়। তার মাথার দাম ছিল ১৫ লক্ষ টাকা। লতিফের মৃত্যুর পরের দিনই অমিত শাহ এই সাফল্যের কথা ঘোষণা করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, এত বছর ধরে কাশ্মীরে সন্ত্রাসবাদ মোকাবিলায় নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলির ধারাবাহিক অভিযানের ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে তাঁর বক্তব্যের অর্থ এই নয় যে উপত্যকায় সন্ত্রাসবাদের সমস্ত বিপদ শেষ হয়ে গিয়েছে। বরং সীমান্তপারের জঙ্গি অনুপ্রবেশ এবং সন্ত্রাসবাদী সংগঠনগুলির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার বার্তা দিয়েছেন তিনি।
দিল্লির সম্মেলনে শুধু কাশ্মীর নয়, দেশের অন্যান্য প্রান্তে সন্ত্রাসবাদ দমনে কেন্দ্রীয় সংস্থাগুলির ভূমিকার কথাও তুলে ধরেন অমিত শাহ। নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বা PFI-র বিরুদ্ধে অভিযানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি জানান, ১১টি রাজ্যের পুলিশ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি সমন্বয় রেখে অভিযান চালিয়েছিল। এক রাতের মধ্যে একাধিক জায়গায় এই অভিযান পরিচালনা করা হয়েছিল বলে দাবি তাঁর।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, PFI-র সাংগঠনিক নেটওয়ার্কে আঘাত হানতে এই যৌথ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তাঁর মতে, বিভিন্ন রাজ্যের পুলিশ ও কেন্দ্রীয় সংস্থার মধ্যে সমন্বয় ছাড়া এ ধরনের অভিযান সফল করা সম্ভব নয়। সন্ত্রাসবাদ মোকাবিলায় গোটা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে একই ছাতার তলায় এনে কাজ করার উপর জোর দিয়েছেন তিনি।
পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদ ভাট্টির অপরাধচক্রের বিরুদ্ধেও বড়সড় সাফল্যের দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ওই নেটওয়ার্কের ৪০টিরও বেশি মডিউল ভেঙে দেওয়া হয়েছে। এই সংক্রান্ত ঘটনায় ১০০টিরও বেশি মামলা দায়ের হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ২৭১ জনকে। সন্ত্রাসবাদ ও সংগঠিত অপরাধের মধ্যে যোগসূত্র খুঁজে বের করে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করার উপর জোর দিয়েছেন শাহ।
সম্মেলনে তদন্তকারী সংস্থাগুলির কাজের ধরন নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর মতে, কোনও জঙ্গি হামলা ঘটে যাওয়ার পর তদন্ত শুরু করাই যথেষ্ট নয়। বরং হামলার পরিকল্পনা সম্পূর্ণ হওয়ার আগেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে পারাই একটি দক্ষ তদন্তকারী সংস্থার সবচেয়ে বড় সাফল্য। এই লক্ষ্যেই রাজ্যগুলিকে নিজেদের অ্যান্টি টেররিজম স্কোয়াড (ATS)-এর সাইবার বিশেষজ্ঞদের নিয়ে পৃথক বিশেষ ইউনিট তৈরি ও আরও শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন তিনি।
পুলিশি ব্যবস্থার গোড়া থেকে শীর্ষস্তর পর্যন্ত গোয়েন্দা তথ্য পৌঁছে দেওয়ার উপরেও গুরুত্ব দিয়েছেন শাহ। তাঁর বক্তব্য, থানাস্তরে কোনও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেলে তা দ্রুত পুলিশের ডিজি পর্যন্ত পৌঁছনোর কার্যকর ব্যবস্থা থাকা প্রয়োজন। তাতে সম্ভাব্য হামলা বা নাশকতার পরিকল্পনা আগেভাগে শনাক্ত করা সহজ হবে।
জাতীয় তদন্তকারী সংস্থা (National Investigation Agency বা NIA)-র পরিকাঠামো সম্প্রসারণের কথাও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, সংস্থাটির জন্য নতুন করে ১৬টি শাখা অফিস, দু’টি জ়োনাল অফিস এবং ৭০টি বিশেষ আদালত তৈরি করা হয়েছে। পাশাপাশি বিদেশের মাটিতে সংঘটিত এমন অপরাধের তদন্তের ক্ষমতাও NIA-কে দেওয়া হয়েছে, যা ভারতের স্বার্থ ও নিরাপত্তাকে প্রভাবিত করে।
ষষ্ঠ বার্ষিক অ্যান্টি টেরর কনফারেন্সে NIA-র সাত জন আধিকারিক ও কর্মীর হাতে বিশেষ সম্মানও তুলে দেন অমিত শাহ। সামগ্রিকভাবে তাঁর বক্তব্যে স্পষ্ট, সন্ত্রাসবাদ মোকাবিলায় শুধু নিরাপত্তা অভিযান নয়, গোয়েন্দা তথ্য সংগ্রহ, প্রযুক্তির ব্যবহার, রাজ্যগুলির মধ্যে সমন্বয় এবং দ্রুত তদন্তের উপরেও জোর দিতে চাইছে কেন্দ্র।



