প্রথম দফার ভোট মিটতেই রাজনৈতিক অঙ্কে বাড়ছে উত্তাপ। কলকাতায় সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করলেন, বিজেপির অভ্যন্তরীণ মূল্যায়ন অনুযায়ী ১৫২ আসনের মধ্যে ১১০টিরও বেশি আসনে জয় নিশ্চিত। তাঁর বক্তব্য, “৫ তারিখ থেকে অঙ্গ-বঙ্গ-কলিঙ্গে শাসন করবে বিজেপি”—যা ঘিরে নতুন করে জোরালো হয়েছে রাজনৈতিক তরজা।
প্রথম দফার ভোটের পর দলীয় কর্মী ও দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে বৈঠক করেন শাহ। সেই বৈঠকের পরেই এই দাবি সামনে আনেন তিনি। তাঁর কথায়, ভোটের হার এবং মাঠপর্যায়ের রিপোর্ট—দুটিই বিজেপির পক্ষে ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।


এদিন সাংবাদিক বৈঠকের শুরুতেই ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি পুলিশ, প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাকেও প্রশংসা করেন। ৯০ শতাংশের বেশি ভোটদানের প্রসঙ্গ টেনে শাহ বলেন, “এই উচ্চ ভোটদানই প্রমাণ করছে, মানুষ পরিবর্তন চাইছে। তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে।”
অন্যদিকে, শাসক দল ত্রিনমুলের-এর পক্ষ থেকেও সমান আত্মবিশ্বাসী দাবি করা হয়েছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, তাঁদের দল ১৩০-র বেশি আসন জিতবে। ফলে প্রথম দফার পরেই ‘সংখ্যার লড়াই’ তুঙ্গে।
মুখ্যমন্ত্রী পদ নিয়ে জল্পনাও খারিজ করেছেন শাহ। তাঁর স্পষ্ট বার্তা, বাংলার মানুষই বাংলার নেতৃত্ব বেছে নেবে। “কোনও ভিনরাজ্যের মুখ নয়, বাংলার মাটিতেই বড় হওয়া কেউই মুখ্যমন্ত্রী হবেন”—এই আশ্বাসও দেন তিনি।


দ্বিতীয় দফার ভোটের আগে দুই প্রধান শিবিরের এই আত্মবিশ্বাসী দাবিতে স্পষ্ট, চূড়ান্ত ফল ঘোষণার আগেই রাজনৈতিক লড়াই আরও তীব্র হতে চলেছে।







