নোবেলজয়ী অমর্ত্য সেনও SIR নোটিসের আওতায়! বীরভূমের সভা থেকে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ অভিষেকের

এসআইআর শুনানিতে নোবেলজয়ী অমর্ত্য সেনের নাম জড়ানোয় বিতর্ক তুঙ্গে। বীরভূমের সভা থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ অভিষেকের।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলায় এসআইআর (Special Intensive Revision) শুনানি ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে। সাধারণ নাগরিক থেকে তারকা—এবার সেই তালিকায় উঠে এল নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন-এর নামও। বীরভূমের রামপুরহাটে জনসভা থেকে এই তথ্য প্রকাশ্যে এনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, পরিকল্পিত ভাবেই বিশিষ্ট ব্যক্তিত্বদের হেনস্তা করা হচ্ছে।

এসআইআর প্রক্রিয়ায় এনুমারেশন ফর্মে সামান্য অসংগতি থাকলেই নাগরিকদের শুনানিকেন্দ্রে হাজিরা দিতে হচ্ছে—এই অভিযোগ বহুদিন ধরেই উঠছে। সম্প্রতি তৃণমূল সাংসদ ও অভিনেতা দেব এবং বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি-র কাছে নোটিস পৌঁছনোর খবর সামনে আসে। মঙ্গলবার সেই তালিকায় অমর্ত্য সেনের নাম যুক্ত হতেই রাজনৈতিক বিতর্ক নতুন মাত্রা পায়।

রামপুরহাটের সভা থেকে অভিষেক বলেন, “নোবেল পুরস্কার এনে দেশের নাম বিশ্বমঞ্চে উজ্জ্বল করা মানুষটিকেও এরা ছাড়েনি। অমর্ত্য সেনকে নোটিস, দেবকে নোটিস, মহম্মদ শামিকে নোটিস—এগুলো কি নিছক কাকতালীয়, না কি সুপরিকল্পিত ষড়যন্ত্র?” দলীয় কর্মীদের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা, এই ধরনের কর্মকাণ্ডের জবাব দিতে হবে ভোটের ময়দানেই।

বিশিষ্ট অর্থনীতিবিদ অমর্ত্য সেন শান্তিনিকেতনের ভূমিপুত্র। জনমুখী অর্থনৈতিক চিন্তাভাবনা ও গবেষণার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। বছরের বড় অংশ বিদেশে কাটালেও তিনি ভারতের ভোটার এবং নিয়মিত ভোট দেন। বিভিন্ন জাতীয় ইস্যুতে—বিশেষত মোদি সরকারের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে—তিনি বারবার প্রকাশ্যে মতামত রেখেছেন। গত বছর বিহারে এসআইআর প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে অমর্ত্য সেন সতর্ক করেছিলেন, “যদি উদ্দেশ্য হয় কিছু ভোটারকে বাদ দেওয়া, তবে তা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে।”

এই প্রেক্ষাপটে নোবেলজয়ীকে এসআইআর নোটিস পাঠানোয় রাজনৈতিক অভিসন্ধির গন্ধ পাচ্ছে বিরোধীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, “দুঃখজনক ও দুর্ভাগ্যজনক—বিশ্বখ্যাত নোবেলজয়ীকেও নোটিস পাঠানো হচ্ছে। এর জবাব মানুষ ভোটে দেবে কি না, সেটাই প্রশ্ন।”

যদিও নির্বাচন কমিশন সূত্রে দাবি করা হয়েছে, অমর্ত্য সেনের এনুমারেশন ফর্মে নাম সংক্রান্ত কিছু অসংগতি রয়েছে। ভোটার তালিকায় ‘অমর্ত্য কুমার সেন’ নাম থাকায় নিয়ম মেনেই নোটিস ইস্যু করা হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, বিএলও তাঁর বাড়িতে নোটিস পৌঁছে দেবেন, শুনানিকেন্দ্রে হাজিরা দেওয়ার প্রয়োজন নেই। বর্তমানে অমর্ত্য সেন আমেরিকার বোস্টনে রয়েছেন। প্রতীচী সূত্রের খবর, এখনও পর্যন্ত কোনও নোটিস হাতে পাননি তিনি; তবে পেলে সমস্ত নথি জমা দিতে প্রস্তুত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর