নজরবন্দি ব্যুরোঃ সোশ্যাল মিডিয়াতে কাল রাতে সব্যসাচীর ওই পোস্ট যেন ঝড় ওঠার আগে শান্তির ঠান্ডা পরিবেশ, তাঁর লেখা কিছুটা স্বস্তি দিল অভিনেত্রী ঐন্দ্রিলার শুভাকাঙ্ক্ষীদের। কিন্তু বেশ কিছুক্ষণ আগেই জানা গেলো হঠাৎ করে আরও সংকটে ঐন্দ্রিলা শর্মা! শুক্রবার রাতেই কিছুটা আশার খবর শোনানো হয়েছিল হাসপাতালের তরফে। নতুন করে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়নি, শনিবার সকালেই এমনটাই জানানো হয়েছিল হাসপাতালের তরফে। কিন্তু, ফের একবার ‘অঘটন’!


হাসপাতাল সূত্রে খবর, শনিবার ফের একবার ‘মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট’ হয় ঐন্দ্রিলার। যদিও এরপরেই তাঁকে ‘রিভাইভ’ করা সম্ভব হয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। যদিও এই কার্ডিয়াক অ্যারেস্ট অভিনেত্রীর স্বাস্থ্যের উপর নতুন সংকট তৈরি করেছে বলেই মনে করছেন চিকিৎসকদের একাংশ। তবে এই মুহূর্তে অবস্থা স্থিতিশীল, জানাল হাসপাতাল। অভিনেত্রীর হৃদ্রোগে আক্রান্ত হওয়ার খবরে ফের চিন্তায় অনুরাগীরা।

শনিবার দুপুরের হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী, নোরাড সাপোর্টে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হয়নি এখনও। চিকিৎসায় কিছুটা সাড়া দিচ্ছেন তিনি, তবে এখনও জ্ঞান ফেরেনি। কোমায় থাকাকালীন, কখনও অঙ্গ নড়াচড়া হতে পারে সাময়িক। তাই এখনই নিশ্চিন্ত হতে পারছেন না চিকিৎসকেরা। এখনও বিপদ কাটেনি। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে, নতুনভাবে স্বাস্থ্যের অবনতি না হওয়াই, অনেকটা ইতিবাচক নিঃসন্দেহে।
প্রসঙ্গত, ‘জিয়ন কাঠি’ খ্যাত অভিনেত্রীর আরোগ্য কামনা করছে গোটা বাংলা। বহরমপুরের মেয়ে ঐন্দ্রিলা। ২০১৫ সালে তিনি জন্মদিনের দিন জানতে পারেন তাঁর দেহে থাবা বসিয়েছে কর্কট রোগ। ব্যোন ম্যারো ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এরপরেই তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেই সময়ও ফাইট করেছিলেন অভিনেত্রী। লড়াই করে হারিয়েছিলেন এই রোগকে। তারপর সবই চলছিল ছন্দ মোতাবেক। কিন্তু, হঠাৎ বিপত্তি। ২০২১ সালে তাঁর ফুসফুসে ধরা পড়ে একটি টিউমার। এই বারেও লড়াই করেছিলেন ঐন্দ্রিলা।


মিরাকেলেও কাটেনি সংকট? আবার হৃদরোগে আক্রান্ত ঐন্দ্রিলা, অবস্থা স্থিতিশীল

উল্লেখ্য, গত ১ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। গত বুধবার হার্ট অ্যাটাক হয় ঐন্দ্রিলা। এরপর থেকে তাঁকে পুরোপুরি ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল। হাসপাতালের তরফে জানানো হয়েছিল, তাঁর শারীরিক অবস্থা সংকটজনক। যদিও শুক্রবার রাতে একটি পোস্ট করে সব্যসাচী জানিয়েছিলেন, হাত নাড়িয়েছেন ঐন্দ্রিলা। অনেকটাই স্বস্তি পেয়েছিলেন তাঁর ভক্তরা। কিন্তু, ফের একবার শনিবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর। হাসপাতালের তরফে জানানো হয়েছে, অভিনেত্রীর শারীরিক অবস্থা সংকটজনক। হাসপাতালের তরফে জানানো হয়েছে, অভিনেত্রীর শারীরিক অবস্থা সংকটজনক।







