কলকাতা: সাতসকালে ফের অ্যাকশন মোডে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। বুধবার সকালে কলেজস্ট্রিট (College Street) ও পার্কস্ট্রিটের (Park Street) ফুটপাথে হানা দিয়ে ব্যবসায়ীদের রীতিমতো ধমক দিলেন তিনি। ফুটপাথে দুই লাইন করে দোকান বসিয়ে পথচারীদের চলার জায়গা আটকে দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ মন্ত্রী সরাসরি পুলিশকে নির্দেশ দিয়েছেন— ২৪ ঘণ্টার মধ্যে সব দোকান এক লাইনে আনতে হবে। পথচারীদের জন্য জায়গা না রেখে ব্যবসা করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি।
বুধবার সকালে প্রথমে কলেজস্ট্রিট এলাকায় হানা দেন মন্ত্রী। এরপর তিনি যান ধর্মতলা ও পার্কস্ট্রিট চত্বরে। সেখানে এক মহিলার দোকানে ঢুকে দেখেন, ফুটপাথের ওপর তিনটি জায়গা দখল করে বসানো হয়েছে দোকান। এতেই চটে যান অগ্নিমিত্রা। তাঁর সরাসরি প্রশ্ন, “দুটি লাইন করে দোকান চালালে পথচারীরা হাঁটবেন কোথা দিয়ে?”
এরপরই পুলিশ কর্তাদের তিনি সাফ জানিয়ে দেন, ২৪ ঘণ্টার মধ্যে কলেজস্ট্রিট-সহ আশপাশের এলাকার সমস্ত ফুটপাথের দোকান এক লাইনে আনতে হবে। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র নির্দেশের কথা উল্লেখ করে অগ্নিমিত্রা আরও বলেন, “পুজোর আগে দোকান সরানো যাবে না, মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে। আমি কাউকে সরাব না। কিন্তু ফুটপাথ পুরোটা আটকে ব্যবসা করা যাবে না।”
প্রসঙ্গত, দায়িত্ব পাওয়ার পর থেকেই প্রায়ই সাতসকালে কলকাতার বিভিন্ন এলাকায় সারপ্রাইজ ভিজিট করেন অগ্নিমিত্রা পাল। নিকাশি থেকে ফুটপাথের দখলদারি— সবকিছুই সরজমিনে ঘুরে দেখেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বুধবার তাঁর এই ‘অ্যাকশন মর্নিং’ ঘিরে শহরবাসীর একাংশ যেমন প্রশংসা করছেন, তেমনই ব্যবসায়ীদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। এখন দেখার, ২৪ ঘণ্টার এই নির্দেশে কতটা কাজ হয়।



