নজরবন্দি ব্যুরোঃ প্রজাতন্ত্রের কুচকাওয়াজে ব্রাত্য বাংলার ট্যাবলো। ৭৫ তম প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে বাংলা ট্যাবলোর অংশগ্রহণের বিষয়টি পুনর্বিবেচনার জন্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে চিঠি দিলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তাই প্রতিরক্ষামন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন তিনি।


কংগ্রেস সাংসদ প্রতিরক্ষামন্ত্রীকে চিঠিতে জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকার এ বছর ২৬ শে জানুয়ারি উপলক্ষে ট্যাবলোতে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং নেতাজির জীবনী ও স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান নিয়ে ট্যাবলো পাঠানোর প্রস্তাব দিয়েছে। কিন্তু সেই প্রস্তাব খারিজ করেছে কেন্দ্রীয় সরকার।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে আমি স্তম্ভিত এবং হতাশ। এই ধরনের পদক্ষেপ পশ্চিমবঙ্গের জনগণের প্রতি, বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য এবং মহান নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি অপমান। কেন্দ্র সরকারের কাছে আর্জি জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য, রাজ্য সরকারের ট্যাবলো সংক্রান্ত প্রস্তাব পুনর্বিবেচনার জন্য আবেদন জানাচ্ছি।


উল্লেখ্য, কেন্দ্রকে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আইএনএ বিষয়ক ট্যাবলো পাঠানোর প্রস্তাব পাঠিয়েছিল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, সেই প্রস্তাব নাকচ হয়েছে কেন্দ্রে। নিয়ম অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রকের তৈরি কমিটি এই বিষয়ে সিদ্ধান্ত নেয়। চলতি বছরের ‘আজাদি কা অমৃত মহোৎসব’ নিয়ে সেই কমিটি পর পর পাঁচবার বৈঠক করে। কিন্তু একবারও ডাক পায়নি রাজ্য সরকার।
প্রজাতন্ত্রের কুচকাওয়াজে ব্রাত্য বাংলার ট্যাবলো, পুনর্বিবেচনার আর্জি অধীরের

রবিবার এবিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবিষয়ে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি লিখেছেন, কেন্দ্রের এই সিদ্ধান্তে তিনি হতবাক এবং ব্যথিত। এতে স্বাধীনতা সংগ্রামীদের অপমান করা হয়েছে। বাংলার ট্যাবলো বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, ‘বাংলা দেশের স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভুমিকা নিয়েছিল। তাই এই কেন্দ্রের এই সিদ্ধান্তে বাংলার মানুষ ব্যথিত হয়েছেন।’








