নজরবন্দি ব্যুরোঃ আজকের সবথেকে বড় ‘ব্রেকিং নিউজ’ বাবুল সুপ্রিয়র বিজেপি ত্যাগ এবং তৃণমূলে যোগদান। সেই ‘ব্রেকিং নিউজ’-এ একের পর এক সামিল হচ্ছেন রাজনৈতিক দলের নেতারা। সম্বল তাঁদের মন্তব্য। কিন্তু বিজেপির কোন নেতার থেকে অনেক বেশি কড়া প্রতিক্রিয়া দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি এবং লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। সাফ জানিয়ে দিলেন, রামদেবের পা ধরে বিজেপির টিকিট পেয়েছিলেন বাবুল সুপ্রিয়!
আরও পড়ুনঃ বাবুলের দলবদলের দায় মোদি-শাহর, নয়া মন্ত্রীদের পছন্দ নয় দিলীপেরও?


এদিন বাবুল সুপ্রিয়র তৃণমূলে যোগ দেওয়া নিয়ে অধীর চৌধুরী জানিয়ে দেন, ‘এতে অবাক হওয়ার কিছুই নেই।’ তাঁর কথায়, “বাবুল সুপ্রিয়কে মোদী-শাহ কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সরানোর পরই উনি বলেছিলেন, ‘আলবিদা’। মানে, যতক্ষণ পাচ্ছি, ততক্ষণ আছি। না পেলে নেই”। তাই বিজেপির বাবুল বিহনে একটুও হতবাক বা বিস্মিত নন অধীর। তাঁর সংযোজন, “অনেকেই বলছেন তাঁরা বিস্মিত। কিন্তু এতে বিস্ময়ের কী আছে!”
এরপরেই কার্যত বিস্ফোরণ ঘটান অধীর। বলেন, “একদা রামদেবের পা ধরে বিজেপির টিকিট পেয়েছিলেন বাবুল। পরে নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘মুঝে বাবুল চাহিয়ে’। তাই বাবুল মন্ত্রী হয়েছিলেন। আর এবারের বিধানসভা ভোটে আসানসোলে পাঁচটা সিটে বিজেপি হারার পর মোদী বুঝে গেছেন বাবুলের রাজনৈতিক প্রভাব কমে গিয়েছে আসানসোলে। তাই মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছে বাবুলের। আর বাবুলও বুঝে গেছেন বিজেপি থেকে আর পাওয়ার নেই। তাই রইল ঝোলা চলল ভোলা বলে তৃণমূলে পা বাড়িয়েছেন।”
উল্লেখ্য, বাবুলের বিজেপি ত্যাগ নিয়ে নির্বাক থেকেছেন বিজেপি রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। তিনি বল ঠেলেছেন দিল্লির কোর্টে। এদিন বাবুলের দলত্যাগ করা নিয়ে প্রশ্ন করা হলে বিজেপি রাজ্য সভাপতি মোদি-শাহর কোর্টে বলেন, ‘‘আমি কিছু বলব না। যা বলার দিল্লি বলবে। দলের মুখপাত্র সাংবাদিক বৈঠক করে বলবেন।’’


রামদেবের পা ধরে বিজেপির টিকিট পেয়েছিলেন বাবুল?








