নজরবন্দি ব্যুরোঃ দিলীপ-কৈলাশের হাত ধরে পদ্ম শিবিরে নাম লেখালেন অভিনেত্রী শ্রাবন্তী। বিজেপি এবং তৃণমূল দুই দলে যগদানের হিড়িকে কার্যত আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে টলিউড। আর রাজনীতিতে যোগদানের ধারা অব্যাহত রেখেই এবার বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আজ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, এবং পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়র উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন তিনি।
আরও পড়ুনঃ ‘দিদির কাছে জেনে’ বাড়ি বাড়ি প্রচার শুরু করলেন ‘ডিসিপ্লিনড কর্মী’ নির্মল।
উল্লেখ্য ভোট ঘোষণার আগে থেকে বিজেপি একে একে টলিউড তারকাদের যোগ দেওয়াচ্ছে দলে। অন্যদিকে তৃনমূলেও চলছে যোগদান। কদিন আগে একঝাঁক তারকা বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন হিরণ চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্ত, পায়েল সরকার, পাপিয়া অধিকারী। এরপর শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও পদ্মশিবিরে সামিল হলেন।
অন্যদিকে গত সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল যোগ দিয়েছে একঝাঁক টলি তারকা। যাঁদের মধ্য়ে রয়েছেন সায়নি ঘোষ, রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক এবং জুন মালিয়া। টলিউডের একটা পক্ষের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন ঘটিয়েছেন বাংলা চিত্রশিল্প জগতে, তা আগে কখনও হয়নি।
তাই তারা ২১ সালের বিধানসভা নির্বাচনে ফের মমতা বন্দ্যোপাধ্যায় কে জিতিয়ে আনতে চান নবান্নে। অন্যদিকে বিজেপি শিবিরে যোগদানকারীরা সবাই চাইছেন সোনার বাংলা গড়তে। যেমন আজও শ্রাবন্তী জানিয়েছেন, এটা একেবারেই নতুন একটা যাত্রা। বাংলাকে ‘সোনার বাংলা’ গড়ে তোলাই তাঁর লক্ষ্য।



