নজরবন্দি ব্যুরো: কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময় চেয়ে চিঠি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমত চলতি মাসের ২০ তারিখ দিল্লিতে বৈঠকে বসবেন মোদী-মমতা (Modi-Mamata meeting in delhi)। ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া, দলের সাংসদরাও সেখানে থাকবেন বলেই খবর।



আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৭ ডিসেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য
দিল্লি সফরে একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। রাজ্যের বকেয়া মেটানোর দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। সেইমত চিঠি পাঠিয়ে ১৮, ১৯, ২০ ডিসেম্বরের মধ্যে একদিন সময় চেয়ে নিয়েছিলেন। আগামী ২০ ডিসেম্বর বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। তৃণমূল সূত্রে খবর, বেলা ১১ টায় দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) দফতরে গিয়ে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য সাংসদরা। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার (Rajya Sabha) দলনেতা ডেরেক ও’ব্রায়েন ও রাজ্য সভাপতি সুব্রত বক্সি উপস্থিত থাকতে পারেন ওই বৈঠকে।

সূত্রে খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কোন কোন বিষয়গুলি তুলে ধরা হবে, বাংলার মানুষের বঞ্চনার কোথা কীভাবে বোঝানো হবে, এইসব নিয়ে আগের দিনই আলোচনা করবে তৃণমূল নেতৃত্ব। বঙ্গভবনে তৃণমূলের বৈঠক হতে পারে। সেখানেই রণকৌশল স্থির করবে বাংলার শাসক দল। ওয়াকিবহাল মহলের মতে, এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) থাকাটা জরুরী কারণ গত অক্টোবর মাসে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে তাঁর নেতৃত্বে বিশাল কর্মসূচির আয়োজন করা হয়েছিল। বকেয়া মেটানোর জন্য ডেডলাইন দিয়ে এসেছিলেন তিনি।


রাজ্যের বকেয়া মেটানোর দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মমতার, অভিষেক সহ দলের সাংসদরাও থাকবেন

উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘বাংলার টাকা বন্ধ করে দিয়েছে। আবাস যোজনা, একশো দিনের কাজের টাকা সহ একাধিক প্রকল্পের টাকা বন্ধ।’ রাজ্য থেকে জিএসটি (GST) নেওয়া হলেও ভাগ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।







