আহত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে শনিবার রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তৈরি হল নাটকীয় পরিস্থিতি। বাইপাসের ধারের হাসপাতাল থেকে তাঁকে সরিয়ে মিন্টো পার্কের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে বেরিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, “এখানে ট্রিটমেন্ট হচ্ছে না, ওপর থেকে বলে দেওয়া হয়েছে চিকিৎসা না করতে।”
আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। সেই আবহেই রাতে আচমকা তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।


সূত্রের খবর, বাইপাস সংলগ্ন হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। কিছুক্ষণ পর সেখানে পৌঁছন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হাসপাতালে মমতার সঙ্গে উপস্থিত ছিলেন অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও সেখানে যান বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। পরে একে একে হাসপাতালে পৌঁছন তৃণমূল নেতা শোভন চট্টোপাধ্যায় এবং সাংসদ ডেরেক ও’ব্রায়েনও।

রাত বাড়তেই হাসপাতালের জরুরি বিভাগ থেকে হুইলচেয়ারে করে বাইরে আনা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। হাসপাতালের পোশাক পরিহিত অবস্থাতেই তাঁকে বের করে আনা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ডেরেক ও’ব্রায়েন নিজেই হুইলচেয়ার ঠেলে তাঁকে হাসপাতালের বাইরে নিয়ে আসেন।


জরুরি বিভাগের বাইরে আগে থেকেই অপেক্ষা করছিল সাংসদের গাড়ি। সেখানেই তাঁকে তুলে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জানা যায়, মিন্টো পার্ক এলাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
হাসপাতাল চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা এখান থেকে শিফট করছি। এখানে ট্রিটমেন্ট হচ্ছে না। ওপর থেকে বলে দিয়েছে ট্রিটমেন্ট না করতে।” প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
অন্যদিকে, মমতার অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। তাঁদের বক্তব্য, অভিযোগ যাঁরা করছেন, তাঁরাই বিষয়টি নিয়ে বিস্তারিত বলতে পারবেন।
কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় মিন্টো পার্কের হাসপাতালের বাইরে দাঁড়িয়ে বলেন, “ওঁর (অভিষেকের) মাথায় একটু চোট আছে। বিভিন্ন জায়গায় চোট আছে। ওঁ বলছে গা বমি ভাব আছে। চিকিৎসা হলে, চিকিৎসকেরা এ বিষয়ে সঠিক ভাবে বলতে পারবেন।” বাইপাসের ধারের হাসপাতাল থেকে মিন্টো পার্কের ধারের একটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে অভিষেককে। গাড়িতে অভিষেকের সঙ্গেই ছিলেন শোভন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে এই ঘটনাপ্রবাহ এখন রাজ্যের রাজনৈতিক মহলে অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে। চিকিৎসা সংক্রান্ত অভিযোগ এবং তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত ঘিরে আগামী দিনে আরও প্রতিক্রিয়া সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



