দিল্লিতে এবার সরকার গড়বে কারা? এনডিএ নাকি ইন্ডিয়া? ফলপ্রকাশ হয়ে গেলেও নানান জল্পনা চলছে দুই শিবিরেই। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শরিকদের ওপর নির্ভরশীল বিজেপি। এদিকে আবার বুধেই ইন্ডিয়া জোটের ২৭টি দল বৈঠকে বসতে চলেছে। সেই বৈঠকে যোগ দিতেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন ডায়মণ্ড হারবার কেন্দ্রে রেকর্ড মার্জিনে জয়ী তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: জাতীয় রাজনীতিতে আচমকাই প্রাসঙ্গিক দুই ‘এন’, সরকার গড়তে তৎপর NDA-INDIA দু’পক্ষই
২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে যেমন এনডিএ পেল ২৯২টি আসন। সেরকমই ইন্ডিয়া জোট পেল ২৩২টি আসন। অন্যান্যরা ১৯টি। বিজেপি এককভাবে পেল ২৪০টি আসন। ফলে, এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টির ১৬টি ও বিহারের জেডিইউ পার্টির প্রাপ্ত ১২টি, মোট ২৮টি আসনের ওপর নির্ভর করছে এনডিএ জোটের সরকার গঠন।

এবারের লোকসভায় দুর্দান্ত সাফল্য পেল কংগ্রেসও। রাহুল গান্ধীর নেতৃত্বে তাঁরা পেল ১০০টি আসন। বাংলাতেও ভরাডুবি বিজেপি। তাঁদের প্রাপ্ত আসন মাত্র ১২টি। তৃণমূল জিতে নিল ২৯টি আসন। আর এই জয়ের কান্ডারি মনে করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
এদিন দিল্লী রওনা দেবার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল সেনাপতি। সেখানে ইন্ডিয়া জোটের সরকার গঠনের সম্ভাবনার বিষয়ে তিনি জানান, “আগে দিল্লী যাই। অনেক দলই আসছে। অনেক সম্ভাবনাই রয়েছে। কিন্তু, এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়। আজ বৈঠক হবে সেখানেই সমস্ত সিদ্ধান্ত চূড়ান্ত হবে।”
সরকার গড়তে ঝাঁপাবে INDIA, দিল্লির পথে তৃণমূল সেনাপতি অভিষেক

বাংলায় বিজেপির এই ফলাফল প্রসঙ্গে অভিষেক বলেন, “আমি দিল্লির বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ জানাতে চাই। তাঁরা যতবার আমাদের রাজ্যে এসে ভবিষ্যতবাণী করবেন ততই লাভ হবে তৃণমূলের। রাম মন্দিরকে এজেন্ডা করে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত প্রচার করেছেন মোদি। কিন্তু তা কাজে আসেনি।”



