নজরবন্দি ব্যুরো: নিয়োগ সংক্রান্ত মামলায় ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডির মামলা খারিজের আবেদন জানিয়ে বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করে তাঁর আইনজীবী। পাশাপাশি বিষয়টি দ্রুত শুনানি করে দেখার আর্জি জানানো হয়। আগামী শুক্রবার এই মামলার শুনানি হতে পারে।
আরও পড়ুন: বিরোধীদের ইন্ডিয়া জোটে প্রধানমন্ত্রীর মুখ কে? কী জানালেন মমতা
সম্প্রতি নিউ আলিপুরের ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থায় তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। সেই নথির ভিত্তিতে পদক্ষেপ শুরু করেছে ইডি। এখানেই অভিষেকের আইনজীবীর প্রশ্ন, একই ইসিআইআর-এর ভিত্তিতে কী করে নতুন পদক্ষেপ করা হয়?কারণ হিসেবে জানানো হয়, অভিষেকের বিরুদ্ধে ইডির নিয়োগ সংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এখনও ওই মামলায় রায় ঘোষণা হয়নি। এরপরও কেন ইডি আধিকারিকরা এত সক্রিয় সেই প্রশ্নই করেছেন অভিষেকের আইনজীবী।

বৃহস্পতিবার এই মামলা দায়ের করে দ্রুত শুনানির আর্জি জানানো হয়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, দুটি মামলার যোগসূত্র দেখবে আদালত। আদালত সন্তুষ্ট হলে মামলার শুনানি হবে নাহলে এই মামলার কোনও ভিত্তি থাকবে না।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর সংস্থা এসডি এন্টারপ্রাইজের সঙ্গে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থাটির লেনদেনের প্রমাণ মিলেছে। সেই সূত্রেই আলিপুরের অফিসে দীর্ঘ ১৮ ঘণ্টা তল্লাশি চালায় ইডি। তদন্তকারী আধিকারিকরা বেরিয়ে গেলে অফিসের লোকেরা বুঝতে পারে সংস্থার একটি কম্পিউটারে ১৬ টি ফাইল ডাউনলোড করা হয়েছে।তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এনিয়ে ইডিকে তীব্র আক্রমণ করে অভিষেক বলেছিলেন, ‘‘আমি যে দিন এসেছি, পরের দিন পাঠিয়ে দিয়েছে ইডিকে তল্লাশি করতে! আমার অফিসে গিয়ে তল্লাশি করেছে। তার সঙ্গে ১৬টা ফাইল একটা কম্পিউটারে ডাউনলোড করে দিয়ে চলে এসেছে।’’
ইডির মামলা খারিজের আবেদন, নিয়োগকাণ্ডে ফের আদালতের দ্বারস্থ Abhishek Banerjee




