সামনেই লোকসভা নির্বাচন। এই ভোটকে পাখির চোখ করেই বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস ময়দানে নেমে পড়েছে। এবার রাজ্যজুড়ে প্রচার অভিযান শুরু করবেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সম্প্রতি তিনি জানিয়েছিলেন তাঁর নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে মনোনিবেশ করতে চান। তারই মাঝে অভিষেকের এই নতুন কর্মসূচি বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।



আরও পড়ুন: সন্দেশখালিকাণ্ডে নিরাপদের গ্রেফতারি ‘শকিং’, প্রাক্তন বাম বিধায়কের নিঃশর্ত জামিন মঞ্জুর হাইকোর্টে
সূত্রে খবর, আগামী ১০ মার্চ ব্রিগেড সমাবেশের পরই অভিষেকের কর্মসূচি শুরু হবে। রাজ্যজুড়ে প্রচার অভিযানে নামবেন। অভিমুখ কোনদিকে হবে, নকশা কীরকম হবে, এনিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। গত বছর পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ গড়ে তুলেছিলেন। তার ফলও হাতেনাতে পেয়েছিল শাসক শিবির। বিপুল ভোটে পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করেছে তৃণমূল।

বিগত দিনে তৃণমূলের অন্দরে নবীন-প্রবীণ দ্বন্দ্বের বিতর্ক শুরু হয়েছিল। এসবের মধ্যেই নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে কর্মসূচি সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন অভিষেক। অবশেষে এনিয়ে মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ জানিয়েছিলেন, ভোটে ভালো ফল করতেই তাঁর এই সিদ্ধান্ত। এবার রাজ্যজুড়ে প্রচার অভিযানে তাঁর সক্রিয় ভূমিকা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।


ডায়মন্ডের বাইরে কর্মসূচিতে সক্রিয়, ভোটের আগে রাজ্যজুড়ে প্রচার অভিযানে নামছেন অভিষেক

উল্লেখ্য, কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে সরব শাসক দল তৃণমূল। প্রচার অভিযানে কেন্দ্রের বঞ্চনাকে হাতিয়ার করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছিলেন। সেইসময় ধর্না মঞ্চে তাঁকে দেখা না গেলেও নিজের সমর্থন জানিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।








