অতীতের ভয় দেখিয়ে বর্তমানের শান্তি, উন্নয়নের খতিয়ান তুলে বিজেপি ‘শূন্য’ করার ডাক অভিষেকের

পুরুলিয়ার সভা থেকে অতীতের অশান্তি ও বর্তমানের শান্তির তুলনা টেনে উন্নয়নের দাবি তুলে বিজেপিকে ৯ আসনে ‘শূন্য’ করার ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পুরুলিয়ার সভামঞ্চ থেকে অতীত ও বর্তমানের তফাত টেনে এনে উন্নয়ন, শান্তি ও রাজনৈতিক রূপান্তরের জোরালো বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee। জঙ্গলমহলের একসময়কার অশান্ত অধ্যায়ের কথা মনে করিয়ে দিয়ে তাঁর স্পষ্ট আহ্বান—আসন্ন বিধানসভা ভোটে পুরুলিয়ার ৯টি আসনেই বিজেপিকে ‘শূন্য’ করতে হবে।

২০১১ সালের আগে পুরুলিয়ার পরিস্থিতির কথা তুলে ধরে অভিষেক বলেন, একসময় ভয় আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হত মানুষকে। মাওবাদী নাশকতা, রাজনৈতিক হিংসা ও প্রশাসনিক অচলাবস্থার ছবিও সভায় তুলে ধরেন তিনি। যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে একাধিক উন্নয়ন প্রকল্পের কথা উল্লেখ করে তাঁর দাবি, সেই ভয়াল দিন পেরিয়ে আজ পুরুলিয়ায় ফিরেছে শান্তি ও স্বাভাবিক ছন্দ।

কটাক্ষের সুরে তিনি বলেন, “বাম আমলে পুলিশের এমন অবস্থা ছিল যে সকাল ১০টাতেও থানা থেকে বেরোতে ভয় পেত।” এর পরই কেন্দ্রীয় নেতৃত্বকে নিশানা করে তাঁর প্রশ্ন—২০১১ সালের আগে যাঁরা আজ বড় বড় ভাষণ দেন, তাঁদের উপস্থিতি তখন পুরুলিয়ার মাটিতে কোথায় ছিল? অভিষেকের দাবি, Mamata Banerjee ক্ষমতায় না এলে আজও মাওবাদী ও সিপিএমের বোমা-বন্দুকের আতঙ্কে মাথা নিচু করেই বাঁচতে হত মানুষকে।

বাম থেকে বিজেপিতে রূপান্তর নিয়েও তীব্র আক্রমণ শানান তৃণমূল নেতা। ট্রাফিক সিগন্যালের রূপক টেনে তিনি বলেন—লাল মানে থামো, গেরুয়া মানে ধীরে চলো, সবুজ মানে এগিয়ে চলো। বাম আমলের ‘হার্মাদ’দেরই আজ বিজেপির ‘জল্লাদ’ আখ্যা দিয়ে তাঁর মন্তব্য, “নতুন বোতলে পুরনো মদ।”

এর পর সরাসরি পুরুলিয়ার বিজেপি সাংসদ Jyotirmoy Singh Mahato-কে নিশানা করেন অভিষেক। মোদী সরকারের ১১ বছরে জেলার কী উন্নয়ন হয়েছে—সে প্রশ্ন তোলেন তিনি। বিশেষ করে রেলের হালচাল নিয়ে কটাক্ষ করে চক্রধরপুর এক্সপ্রেস ও পুরুলিয়া এক্সপ্রেসের নিয়মিত ৮–১০ ঘণ্টা দেরিতে চলার প্রসঙ্গ তোলেন। তাঁর প্রশ্ন, “একটা ট্রেনই যদি সময়ে হাওড়া পৌঁছাতে না পারে, তা হলে সাংসদ কী করলেন?”

একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচনের তিন মাসের মধ্যে এই ট্রেনগুলির লেট রান বন্ধ করা হবে। “রাত ১০টার ট্রেনে উঠে পরের দিন ভোরে পৌঁছনো—এটা বরদাস্ত করব না,” সাফ বার্তা অভিষেকের।

সভা থেকে বিজেপিকে কটাক্ষ করে ভোটের অঙ্কও বুঝিয়ে দেন তিনি। বলেন, ভোটের সময় টাকা দিতে এলে দর কষাকষি করতে—“এক হাজার দিলে দশ হাজার চাইবেন। পদ্ম ফুল থেকে টাকা নিয়ে জোড়া ফুলে ভোট দিন, যাতে বাক্স খুললে ওদের চোখে সর্ষে ফুল ফোটে!”

পুরুলিয়াকে চতুর্থবারের তৃণমূল সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে অভিষেক বলেন, “আমি এক কথার ছেলে। জানি এখনও অনেক দাবি পূরণ হয়নি। কিন্তু কথা দিচ্ছি—পুরুলিয়ার সব আসনে তৃণমূল জিতলে ছ’মাসের মধ্যে আপনাদের সব দাবি পূরণের চেষ্টা করব।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর