নজরবন্দি ব্যুরো: লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নিয়ে আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল ইডিকে। এর মধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে অভিষেককে তলব করা হলে আদালতের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই মামলাতেই ১০ অক্টোবরের মধ্যে অভিষেক বন্দোপাধ্যায়কে নথি জমার নির্দেশ দেয় আদালত। আর হাইকোর্টের নির্দেশেই আজ সমস্ত নথি জমা দিতে হবে অভিষেককে।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১০ অক্টোবর, আজকের দিনের কোন কোন ঘটনা উল্লেখযোগ্য
আদালত সূত্রে খবর, কলকাতা হাইকোর্টের নির্দেশে আজই অর্থাৎ মঙ্গলবার ইডির কাছে সমস্ত নথি পেশ করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শুধু তাই নয় ১২ অক্টোবরের মধ্যে ইডিকে ওই নথি স্ক্রুটিনি করতে হবে। তারপরেও যদি প্রয়োজন পড়ে তাহলেই অভিষেককে সমন পাঠাতে পারবে ইডি। তবে আপাতত অভিষেক বন্দোপাধ্যায়কে সশরীরে ইডি দফতরে হাজিরা দিতে হচ্ছে না।

প্রসঙ্গত, এর আগে গত ৩ অক্টোবর তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। আর সেদিনই অভিষেকের দিল্লিতে কর্মসূচি ছিল। ফলে সেদিন তিনি হাজিরা দেননি। কিন্তু অন্যদিকে, হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছিলেন যে, ৩ তারিখের সমন যাতে ব্যাহত না হয়।

এরপরেই একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতে অভিষেক বন্দোপাধ্যায়ের আইনজীবী জানান যে, বহুবছর আগের পুরনো নথি চেয়েছে ইডি। তাই তা জোগাড়ে কিছুটা সময় দরকার। এরপরেই আদালত নথি জমা দেওয়ার জন্য ১০ তারিখ পর্যন্ত সময় দেয়। এদিন নথি জমা দিলে ইডি তা খতিয়ে দেখে তারপরই পরবর্তী সমনের ভাবনাচিন্তা করতে পারবে বলে জানা গিয়েছে।
আদালতের নির্দেশে আজই ED-র কাছে নথি পেশ অভিষেকের, পরবর্তী পদক্ষেপ কি ED-র




