অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশের তল্লাশি, তালা ভেঙে ঢোকার অভিযোগে চাঞ্চল্য

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শনিবার ভোররাতে কলকাতার কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশের তল্লাশি অভিযান ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শালবনি থানার পুলিশ সেখানে পৌঁছয় বলে জানা গিয়েছে। পরে ঘটনাস্থলে হাজির হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

সূত্রের খবর, রাত প্রায় তিনটে নাগাদ বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং পুলিশকর্মীদের নিয়ে কালীঘাটের পটুয়াপাড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে পৌঁছয় তদন্তকারী দল। অভিযানে শালবনি থানার পাশাপাশি কালীঘাট থানার পুলিশও অংশ নেয়।

বাড়ির চারপাশে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের। পাশাপাশি কলকাতা পুলিশের মহিলাকর্মী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদেরও এলাকায় দেখা যায়। গোটা এলাকা কার্যত নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়।

জানা গিয়েছে, ভোররাতে বাড়িতে পৌঁছে পুলিশ দীর্ঘক্ষণ যোগাযোগের চেষ্টা করলেও প্রথমে কোনও সাড়া মেলেনি। পরে নিরাপত্তারক্ষীদের সহায়তায় তদন্তকারী দল বাড়ির ভিতরে প্রবেশ করে। এরপর শুরু হয় তল্লাশি অভিযান।

প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে বাড়ির বিভিন্ন অংশে অনুসন্ধান চালানো হয় বলে সূত্রের দাবি। সকাল সাতটা নাগাদ পুলিশকর্মীদের একাংশ বাড়ি থেকে বেরিয়ে এলেও কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা করে ফের ভিতরে প্রবেশ করতে দেখা যায়।

এদিকে তল্লাশির খবর দ্রুত ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। সকাল হতেই ঘটনাস্থলের বাইরে কৌতূহলী মানুষের ভিড় জমতে থাকে। প্রশাসনের তরফে অবশ্য অভিযানের নির্দিষ্ট কারণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশের তল্লাশির খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে যান তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, তল্লাশি চলাকালীন তিনি অভিষেকের সঙ্গেই ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক অন্দরে নতুন করে জল্পনা ও বিতর্কের পারদ চড়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর