অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুরসভার নোটিস, ১৫ দিনের মধ্যে প্ল্যান জমা দেওয়ার নির্দেশ

কালীঘাট ও হরিশ মুখার্জি রোডের সম্পত্তিতে অনুমোদিত প্ল্যান মেনে নির্মাণ হয়েছে কি না, তা জানতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিস পাঠাল কলকাতা পুরসভা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি বাড়িতে নোটিস পাঠাল কলকাতা পুরসভা। কালীঘাট রোড ও হরিশ মুখার্জি রোডের সম্পত্তির নির্মাণ সংক্রান্ত নথি এবং অনুমোদিত বিল্ডিং প্ল্যান খতিয়ে দেখতে এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। সোমবার সন্ধ্যায় পুরসভার কর্মীরা গিয়ে নোটিস টাঙিয়ে আসেন, কারণ বাড়ির পক্ষ থেকে তা গ্রহণ করা হয়নি বলে দাবি পুরসভার।

কলকাতা পুরসভার ৯ নম্বর বরোর বিল্ডিং বিভাগ থেকে এই নোটিস জারি করা হয়েছে। পুরসভা সূত্রে খবর, সংশ্লিষ্ট দুই সম্পত্তির অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণকাজ হয়েছে কি না, সেই তথ্য যাচাই করতেই এই পদক্ষেপ।

নোটিসে বাড়ির মালিকপক্ষকে সমস্ত প্রাসঙ্গিক নথি-সহ পুরসভার আধিকারিকদের সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এই বিষয়ে ১৫ দিনের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।

পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, শুধুমাত্র অনুমোদিত প্ল্যান রয়েছে কি না, তা নয়—বাস্তবে নির্মাণকাজ সেই প্ল্যান মেনেই হয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হবে। কোথাও অতিরিক্ত বা অনুমোদনহীন নির্মাণ হয়েছে কি না, তাও পরীক্ষা করা হবে।

কলকাতা পুরসভার আইন অনুযায়ী, ৪০১ ধারায় অননুমোদিত নির্মাণের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে পুর কর্তৃপক্ষের। যদি দেখা যায়, নথি এবং বাস্তব নির্মাণের মধ্যে গরমিল রয়েছে, তবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে।

পুরসভা সূত্রে আরও জানা গিয়েছে, কালীঘাট মোড়ের একটি বহুতল ভবন এবং হরিশ মুখার্জি রোডের একটি বাড়ি এই নোটিসের আওতায় এসেছে। পাশাপাশি অতীতে কোনও অনিয়ম থাকলে, তা পরবর্তীকালে নিয়মিতকরণ বা রেগুলারাইজ করা হয়েছিল কি না, সেটাও খতিয়ে দেখা হবে।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক প্রশাসনিক পদক্ষেপ ঘিরে যখন জোর চর্চা চলছে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুরসভার এই নোটিস নতুন রাজনৈতিক বিতর্ক উসকে দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন