অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তলব করেছে ইডি। সেই তলবের জেরেই সোমবার সকালে কালীঘাটের বাড়ি থেকে সিজিও কমপ্লেক্সের উদ্দেশে রওনা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রাজনৈতিক মহল থেকে প্রশাসনিক স্তর— নজর এখন তাঁর পরবর্তী পদক্ষেপে।
সোমবার সকাল থেকেই কালীঘাটে ছিল রাজনৈতিক উত্তেজনা। নির্ধারিত সময়ের কিছু আগে বাড়ি থেকে বেরিয়ে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তাঁকে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় হাজিরার নির্দেশ দিয়েছে।
সূত্রের খবর, বেলা ১১টার মধ্যে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছনোর কথা ছিল অভিষেকের। সেই লক্ষ্যেই সকাল প্রায় ১০টা ১৫ মিনিট নাগাদ তিনি কালীঘাটের বাসভবন থেকে রওনা দেন।
তবে লক্ষণীয় বিষয়, অভিষেকের সম্ভাব্য উপস্থিতি ঘিরে এদিন সিজিও কমপ্লেক্সে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়নি। অতিরিক্ত পুলিশ মোতায়েন কিংবা কেন্দ্রীয় বাহিনীর বিশেষ নজরদারির কোনও ছবি সামনে আসেনি।
অতীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিজিও কমপ্লেক্সে গেলে গোটা এলাকা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হত। সাংবাদিকদের চলাচলেও নিয়ন্ত্রণ থাকত। কিন্তু সোমবার সকালে সেই ধরনের কোনও বিশেষ প্রস্তুতি চোখে পড়েনি।
এর আগের দিন রবিবার ভবানী ভবনে সিআইডি দফতরে হাজিরা দিয়েছিলেন অভিষেক। বিধানসভার সই জালিয়াতি সংক্রান্ত তদন্তে প্রায় সাড়ে আট ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা যায়।
একই মামলায় তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকেও ডাকা হয়েছিল। তদন্তকারী সূত্রের দাবি, দুই নেতাকে মুখোমুখি বসিয়ে বেশ কিছু বিষয়ে প্রশ্ন করা হয়েছে।
ভবানী ভবন থেকে বেরিয়ে অভিষেক সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যান। তার পরদিনই আবার তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে হচ্ছে।
শুধু ইডিই নয়, আগামী মঙ্গলবারও সিআইডির সামনে হাজিরা দেওয়ার নির্দেশ রয়েছে তাঁর। পাশাপাশি সল্টলেকে দায়ের হওয়া একটি পৃথক অভিযোগের ভিত্তিতে বুধবারও তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকার প্রস্তুতি নিচ্ছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ।
উল্লেখ্য, বিধানসভার সই জালিয়াতি মামলায় কলকাতা হাই কোর্ট অভিষেককে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে আদালত জানিয়েছে, ওই মামলায় আগামী দু’সপ্তাহ তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। তবে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা এবং সল্টলেকের পৃথক অভিযোগের ক্ষেত্রে সেই সুরক্ষা প্রযোজ্য নয়। ফলে টানা কয়েকদিনের জিজ্ঞাসাবাদ ও তদন্ত প্রক্রিয়াকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা আরও বেড়েছে।



