অনলাইন গেমিংয়ের নেশা যে এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনতে পারে, তা ভাবতে পারছেন না নিহতের পরিবারের সদস্যরা। পরিবারের দাবি, বছর পাঁচেক ধরে পাবজি খেলার প্রতি আসক্তি তৈরি হয়েছিল ওই তরুণীর। তাঁরা বারবার তাঁকে গেম খেলা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। বরং গেমের সূত্রেই ধরমবীরের সঙ্গে তাঁর পরিচয় এবং পরবর্তী সময়ে ঘনিষ্ঠতা তৈরি হয় বলে তদন্তে উঠে এসেছে।
পুলিশ সূত্রে খবর, পাবজিতে সাধারণত একাধিক খেলোয়াড়কে নিয়ে স্কোয়াড তৈরি করে খেলা হয়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ধরমবীর অন্য এক তরুণীর সঙ্গে স্কোয়াড তৈরি করে খেলছেন, এই বিষয়টি মেনে নিতে পারছিলেন না নিহত যুবতী। তা নিয়েই দু’জনের মধ্যে মনোমালিন্য শুরু হয়। ধীরে ধীরে সেই বিবাদ তাঁদের বন্ধুত্বেও প্রভাব ফেলে। সম্পর্কের তিক্ততা কাটাতেই ধরমবীর কলকাতায় এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।
সম্পর্কের টানাপোড়েন মেটাতেই কি কলকাতায় এসেছিলেন ধরমবীর?
পুলিশের দাবি, গত রবিবার রাতে কলকাতায় পৌঁছন বছর তিরিশের ধরমবীর। এরপর দক্ষিণেশ্বরের একটি গেস্ট হাউসে ওঠেন তিনি। মঙ্গলবার নিহত তরুণীর আমন্ত্রণে বরাহনগরের ১৭ নম্বর ওয়ার্ডে তাঁর দিদি ও জামাইবাবুর ফ্ল্যাটে যান। ওই তরুণীই তাঁকে মোবাইলে ফ্ল্যাটের লোকেশন পাঠিয়েছিলেন বলে তদন্তকারীরা জানতে পেরেছেন।
তদন্ত সূত্রে খবর, প্রথমে ভুল করে পাশের একটি ফ্ল্যাটে চলে গিয়েছিলেন ধরমবীর। পরে ফোনে যোগাযোগ করে নির্দিষ্ট ফ্ল্যাটে পৌঁছন তিনি। এর আগে কলকাতায় এসে ওই তরুণীর সঙ্গে তাঁর দেখা হয়েছিল কি না, অথবা অন্য কোনও জায়গায় তাঁদের সাক্ষাৎ হয়েছিল কি না, তা এখনও স্পষ্ট নয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধরমবীরের দাবি, দু’জনের মধ্যে কথা কাটাকাটির সময় রাগের মাথায় তিনি ওই তরুণীকে খুন করেন। তবে অভিযুক্তের এই বক্তব্যের সবটা বিশ্বাসযোগ্য বলে ধরে নিচ্ছেন না তদন্তকারীরা। গেম খেলার সূত্রে কোনও আর্থিক লেনদেন বা টাকা ভাগাভাগি নিয়ে বিবাদ তৈরি হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
সিসিটিভি ফুটেজে ধরা পড়ল অভিযুক্তের গতিবিধি
তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠেছে আবাসনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ। পুলিশ সূত্রের দাবি, মঙ্গলবার দুপুর দেড়টা থেকে দুটোর মধ্যে প্রথমে ওই তরুণীকে ফ্ল্যাটে ঢুকতে দেখা যায়। কিছুক্ষণ পর সেখানে পৌঁছন ধরমবীরও।
ফুটেজে তাঁকে বিকেল চারটে নাগাদ ফ্ল্যাট থেকে বেরিয়ে যেতে দেখা গিয়েছে বলে তদন্তকারীদের দাবি। কিন্তু এরপর আর ওই তরুণীকে ফ্ল্যাট থেকে বেরোতে দেখা যায়নি। রাতে দরজা ভেঙে তাঁর দেহ উদ্ধার করেন পুলিশকর্মীরা। এই সময়সীমার মধ্যেই কী ঘটেছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
খুনের পর তরুণীর মোবাইল নিয়ে পালানোর অভিযোগ
তদন্তকারীদের দাবি, ফ্ল্যাট থেকে বেরিয়ে ফের দক্ষিণেশ্বরের ওই গেস্ট হাউসে যান ধরমবীর। ওই দিন সন্ধ্যায় গেস্ট হাউস ছেড়ে হাওড়া স্টেশনে পৌঁছন তিনি। রাত পৌনে দুটো নাগাদ বিভূতি এক্সপ্রেসে চেপে কলকাতা ছাড়েন।
পুলিশের সন্দেহ, তদন্তকে অন্যদিকে ঘোরাতেই নিহত তরুণীর মোবাইল ফোন সঙ্গে নিয়ে গিয়েছিলেন অভিযুক্ত। ট্রেন বিহারের উপর দিয়ে যাওয়ার সময় বুধবার দু’-তিনবার ফোনটি চালু করা হয় বলে তদন্তে জানা গিয়েছে। সেই ফোন থেকেই তরুণীর পরিবারের সদস্যদের হোয়াটসঅ্যাপ মেসেজ ও কল করা হয়েছিল বলে অভিযোগ। তদন্তকারীদের ধারণা, এর মাধ্যমে অভিযুক্ত বোঝাতে চেয়েছিলেন যে তিনি বিহারের দিকে পালিয়ে গিয়েছেন।
এরপর মোগলসরাই থেকে ফের ট্রেনে চেপে দিল্লির দিকে রওনা দেন ধরমবীর। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের নজর এড়াতে পারেননি তিনি। দিল্লির আনন্দ বিহার স্টেশনে মোবাইলে চার্জ দেওয়ার সময় তাঁকে আটক করে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দারা।
তিন দিনের ট্রানজিট রিমান্ডে অভিযুক্ত
বৃহস্পতিবার রাতে দিল্লির আনন্দ বিহার এলাকা থেকে ধরমবীরকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাঁকে দিল্লির কড়কড়ডুমা আদালতে পেশ করা হয়। ব্যারাকপুর কমিশনারেটের তদন্তকারীরা আদালতের কাছে তাঁকে কলকাতায় নিয়ে আসার আবেদন জানান। শেষ পর্যন্ত তিন দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর হয়েছে।
আদতে উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা ধরমবীর পেশায় ছুতোর মিস্ত্রি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আপাতত তাঁকে জিজ্ঞাসাবাদ করে খুনের পিছনে প্রকৃত কারণ জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।
শুধু গেমের স্কোয়াডে অন্য পার্টনারকে ঘিরে বিবাদ, নাকি আর্থিক লেনদেন কিংবা ব্যক্তিগত সম্পর্কের অন্য কোনও জটিলতা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে খুনটি আচমকা রাগের মাথায়, নাকি আগে থেকেই পরিকল্পনা করে করা হয়েছিল, সেই প্রশ্নেরও উত্তর খুঁজছেন তদন্তকারীরা। অভিযুক্তের বয়ান, মোবাইল ফোনের তথ্য, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য প্রমাণ মিলিয়ে পুরো ঘটনার ধারাবাহিকতা পুনর্গঠনের চেষ্টা চলছে।



