নজরবন্দি ব্যুরো: ভিন রাজ্যে পাড়ি দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে কলকাতা বিমানবন্দরে আসেন তিনি। জানা গিয়েছে, হায়দরাবাদ সফরে গিয়েছেন অভিষেক। কারণ হিসেবে জানা যাচ্ছে চোখের চিকিৎসা করাতেই তৃণমূল সাংসদের এই যাত্রা। দিন কয়েক আগেই তাঁর চোখের সমস্যার কথা প্রকাশ্যে এসেছিল। এরপর আজ হায়দরাবাদ উড়ে গেলেন অভিষেক।
আরও পড়ুন: ঘুষ নিয়ে প্রশ্ন বিতর্কে সরব অধীর, মহুয়ার সমর্থনে লোকসভার স্পিকারকে চিঠি কংগ্রেস নেতার
চোখের সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত মাসে ফের চোখে সমস্যা দেখা যায়। জানা গিয়েছিল, অভিষেকের চোখে ফের রক্ত জমাট বাঁধছে। নতুন করে সংক্রমণ ছড়িয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন অতিরিক্ত সময় কনট্যাক্ট লেন্স পরে থাকার কারণে তৃণমূল সাংসদের চোখে রক্ত জমাট বেঁধে গিয়েছে। এরপর তাঁকে তেমন জনসমক্ষে দেখা যায়নি। ভার্চুয়ালি কাজ সারছিলেন বলে খবর। এবার চোখের চিকিৎসা করাতে চলে গেলেন হায়দরাবাদ। আজ রাতের মধ্যেই আবার কলকাতায় ফিরে আসবেন তিনি।

গত নভেম্বর মাসে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্মেলন থেকে বেরিয়ে অভিষেককে দেখতে সোজা তাঁর বাড়ি গিয়েছিলেন। এছাড়া নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের মেগা বৈঠকে থাকতে পারেননি অভিষেক। দলের উদ্দেশ্যে ভার্চুয়ালি বার্তা দিয়েছিলেন।

২০২২ সালে নিউইয়র্কে দীর্ঘ কয়েক ঘণ্টার অপারেশন হয় তাঁর চোখে। কয়েক মাস আগেই গত আগস্টে প্রায় এক মাস পর আমেরিকা থেকে চোখের চিকিৎসা করিয়ে ফিরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেইসময় চিকিৎসকের সঙ্গে একটি ছবিও ভাইরাল হয় তাঁর।
শনিবার হঠাৎ বিমানবন্দরে হাজির Abhishek Banerjee, কোথায় গেলেন তৃণমূল সাংসদ?

উল্লেখ্য, ২০১৬ সালের ১৯ অক্টোবর সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে একটি ট্রাকের সঙ্গে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাম চোখে আঘাত পান তৃণমূল নেতা।



